পুড়ে মারা গেলেন আরও দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লাগাতার অবরোধ ও পাশাপাশি সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে গতকাল বৃহস্পতিবার মারা গেছেন আরও দুজন। তাঁদের একজন গাজীপুরে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান। আর রাজধানীতে পেট্রলবোমায় দগ্ধ হয়ে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান আরেক গাড়িচালক। গতকাল ছিল অবরোধের দশম দিন। ঢাকাসহ এদিন ২০টি জেলায় গাড়িতে আগুন, ভাঙচুর, সংঘর্ষ-সহিংসতার ঘটনা ঘটেছে।
গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়েছে ২০টি যানবাহনে এবং ভাঙচুর করা হয় আরও ৩৫টি। আটক করা হয়েছে ২০৫ জনকে।
৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে টানা অবরোধ চলছে ৬ জানুয়ারি থেকে। তবে ৪ জানুয়ারি থেকেই শুরু সংঘাতের। ওই দিন থেকে গতকাল পর্যন্ত ১২ দিনে সহিংসতায় নিহত হয়েছেন ২৪ জন। আহত প্রায় ৪০০। এই সময়ে আগুন দেওয়া হয় ১৯৮টি যানবাহনে। ভাঙচুর করা হয় অন্তত ২৮৬টি। ঢাকা মহানগরে অগ্নিসংযোগ করা হয় ৩৯টিতে।
রাজধানীর চিত্র: নিজস্ব প্রতিবেদক জানান, ইস্কাটনে দুর্বৃত্তদের পেট্রলবোমায় দগ্ধ প্রাইভেট কারের চালক আবুল কালাম ওরফে কালা চান (২৬) গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। ৮ জানুয়ারি রাতে দগ্ধ হয়েছিলেন তিনি।
দগ্ধ হওয়ার পর থেকে এই কদিন ছেলের বিছানার পাশে থেকে দিনরাত মা সাফিয়া বেগম তসবিহ জপে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করছিলেন। বলছিলেন, ‘আল্লাহ আমার ছেলেডার জানডা ভিক্ষা দাও।’ কালামের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, ‘মোর ছেলে কোনো রাজনীতি করত না। হ্যারপর ওরে এমনভাবে পোড়াইয়া মারল। ওর পাডানো ছয় হাজার টাহা দিয়ে পরিবারের চারজন এত দিন বাইচ্যা ছিলাম। অ্যাহন মোরা কী খাইয়া বাচমু।’
ময়নাতদন্ত শেষে কালামের লাশ গতকাল বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। কালামকে গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার রামতায় দাফন করা হবে বলে জানান স্বজনেরা।
রাত নয়টায় নগরের রায়েরবাগে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের চালকসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়।
রাত সাড়ে আটটার দিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর গুলশানের বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, বাসার অন্তত ৫০ মিটার দূরে ককটেলটির বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে গতকাল ভোর সোয়া চারটার দিকে খিলগাঁওয়ের জোড়াপুকুর পাড় এলাকায় একটি প্রাইভেট কার ও একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। সকালে নগরের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া গুলশানে অটোরিকশায় আগুন দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। সন্ধ্যা সাতটার দিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কাছে দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে আগুন দেয়।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের মল্লিকা সিনেমা হলের সামনে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা কয়েকটি ককটেল ফাটান। কর্তব্যরত পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
প্রায় একই সময়ে পুরান নয়াবাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুরের আগ পর্যন্ত গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল থেকে কোনো বাস ছাড়েনি। বেলা তিনটার পর থেকে দু-একটি বাস ঢাকা ছাড়তে শুরু করে।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা বাগবাড়ী সড়কে বুধবার রাতে একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকার বাইরের দৃশ্য

বুধবার দিবাগত রাত তিনটা। কমলাপুর রেলস্টেশনে শীতের মধ্যে শুয়ে-বসে শত শত মানুষ। ট্রেনের অপেক্ষায় কারও প্রায় পুরো দিন কেটে গেছে, কারও সন্ধ্যা গড়িয়ে মাঝরাত। কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই l ছবি: সাজিদ হোসেন
বুধবার দিবাগত রাত তিনটা। কমলাপুর রেলস্টেশনে শীতের মধ্যে শুয়ে-বসে শত শত মানুষ। ট্রেনের অপেক্ষায় কারও প্রায় পুরো দিন কেটে গেছে, কারও সন্ধ্যা গড়িয়ে মাঝরাত। কিন্তু ট্রেন আসার কোনো খবর নেই l ছবি: সাজিদ হোসেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর বটতলা এলাকায় একটি বাসে গতকাল রাত তিনটায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভেতরে ঘুমিয়ে ছিলেন চালকের সহকারী তোফাজ্জল হোসেন (১৮)। এতে সেখানেই পুড়ে মারা যান তিনি। তোফাজ্জল সুনামগঞ্জের সদর এলাকার নারায়ণতলা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে চলাচলকারী ওই বাস মূলত চন্দ্রা এলাকার অ্যাপেক্স স্পিনিং কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করে থাকে। বুধবার রাত ১১টার দিকে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়িচালক সেলিম মিয়া প্রতিদিনের মতো তাঁর বাসার পাশে বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসটি থামিয়ে রেখে যান। সহকারী তোফাজ্জল বাসের ভেতর দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে এলাকাবাসী বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা এসে আগুন নেভান। পরে তাঁরা পোড়া বাসের দরজার কাছ থেকে তোফাজ্জলের লাশ উদ্ধার করেন। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে সকালে ছুটে আসেন তোফাজ্জলের বোন আমেনা আক্তার ও বোনজামাই বাক্প্রতিবন্ধী শহিদুল ইসলাম।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সাংসদ মঈন উদ্দীন খান বাদলের কার্যালয় লক্ষ্য করে গতকাল সন্ধ্যায় পেট্রলবোমা ও ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরে আংশিক পুড়ে গেছে। পশ্চিম পটিয়ার কেইপিজেড বাদামতল এলাকায় বুধবার রাতে দুটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। সীতাকুণ্ডের মগপুকুর এলাকায় বুধবার রাতে হরতাল-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হন তিন পুলিশসহ পাঁচজন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কুমিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হায়দার (২৫) ও মো. রফিক (২৬) নামের আরেকজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
জয়পুরহাটের জয়পুরহাট-আক্কেলপুর সড়কে বুধবার রাতে একটি প্রাইভেট কার, একটি কয়লাবাহী ট্রাক ও খালি আরেকটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
বগুড়ায় যুবলীগের এক কর্মীর হামলার শিকার হয়েছেন রিকশাচালক আলমগীর হোসেন (২৮)। গতকাল সকালে শহরের সাতমাথা এলাকায় হরতালবিরোধী মিছিলে যোগ দিতে আসা মো. শাহী নামের এই কর্মীর উপর্যুপরি ছুরিকাঘাতে আহত হন তিনি। র্যাব-পুলিশের সামনেই এ ঘটনায় আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন আলমগীর।
সিলেট নগরের কুমারপাড়া এলাকায় জালালউদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনে গতকাল সকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়েন হরতাল-সমর্থকেরা।
নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজারে বুধবার রাতে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় মুখোশধারী দুর্বৃত্তরা।
কুমিল্লা নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া সরকারি কলেজ সড়কে গতকাল সকালে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এদিকে কর ভবন এলাকায় পিকেটিং করার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগের কর্মীরা।
সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার পাচিলা নামক স্থানে বুধবার রাতে আগুন দেওয়া হয় দুটি ট্রাকে। এতে ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুধবার রাতে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুরে নাটোর-ঢাকা মহাসড়কে গতকাল ভোরে সিমেন্টভর্তি একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়া সড়কের ভূঁয়াই বাজার এলাকায় গতকাল সকালে পণ্যবাহী একটি ট্রাকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা গাড়িচালক ও তাঁর সহকারীকে পিটিয়ে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায়।
চাঁদপুর শহরে গতকাল সকালে কমপক্ষে ২০টি অটোরিকশা ভাঙচুর করা হয়।
খুলনার টুটপাড়া কবরস্থান এলাকায় সকালে তিনটি ইজিবাইক ভাঙচুর করেন পিকেটাররা।
ফেনীর ফুলগাজীতে গতকাল সকালে একটি সিমেন্টবাহী কাভার্ড ভ্যানে আগুন, ট্রাকসহ আরও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।
গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল সকালে একটি অটোরিকশা ভাঙচুর করেন পিকেটাররা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল যৌথ বাহিনীর অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের বিরুদ্ধে ২৮টি বাড়িঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া মাদ্রাসা রোডে ভাঙচুর করা হয়েছে চার-পাঁচটি ইজিবাইক।
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে হরতাল-সমর্থক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সিলেট, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, ভৈরব; নোয়াখালী, ফেনী, পাবনা অফিস; নারায়ণগঞ্জ, গাজীপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, চাঁদপুর, বগুড়া, গাইবান্ধা, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সীতাকুণ্ড ও পটিয়া (চট্টগ্রাম), জুড়ী (মৌলভীবাজার), আদমদীঘি ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি}