বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রতিমা বিসর্জনে দেরি হওয়ায় একটি মণ্ডপে ঢুকে পুণ্যার্থীদের পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চানপুর উত্তরপাড়া বারোয়ারি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বৈঠকে পুলিশ কর্মকর্তা দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে চানপুর উত্তরপাড়া বারোয়ারি দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ প্রথম আলোকে বলেন, পুলিশের পক্ষ থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে প্রতিমা বিসর্জনের পরামর্শ দেওয়া হয়। তখন পুলিশকে মন্দির কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ছয়টার মধ্যে সম্ভব নয়। তবে বাধ্যবাধকতা থাকায় সাড়ে সাতটার মধ্যেই প্রতিমা বিসর্জন দেওয়া হবে। কিন্তু তারপরও সাড়ে ছয়টার পরপরই নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ পূজামণ্ডপে এসে ভক্ত ও পুণ্যার্থীদের লাঠিপেটা শুরু করে।
সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ আরও অভিযোগ করেন, ‘নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) শাহীন কাদির আমাকেও বেধড়ক পেটান। লাঠিপেটায় একজন নারী পুণ্যার্থী সংজ্ঞা হারিয়ে ফেলেন।’
পরে এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে পরদিন বুধবার দুপুরে ইউএনওর কার্যালয়ে বৈঠক হয়। সেখানে নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক ও এসআই শাহীন কাদির ওই দিনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করে দেওয়া হয়।
নন্দীগ্রাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র বলেন, পূজামণ্ডপে দায়িত্বরত গ্রাম পুলিশের এক সদস্যের উসকানিতে পুলিশ ক্ষুব্ধ হয়েছিল। ইউএনও কার্যালয়ে বৈঠকে বিষয়টি মিটমাট হয়ে গেছে।
পুণ্যার্থীদের লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করে শাহীন কাদির বলেন, পুলিশের নির্দেশ অমান্য করে দেরিতে প্রতিমা বিসর্জন দেওয়ায় তাঁরা মণ্ডপে গিয়েছিলেন।
আবদুর রাজ্জাক বলেন, ওই দিনের ঘটনায় এসআই শাহীন দুঃখ প্রকাশ করেছেন।
ইউএনও মোছা. শরীফুন্নেছা বলেন, ‘দেরিতে প্রতিমা বিসর্জন দেওয়া নিয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে পুলিশের একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিষয়টি মিটমাট করে দিয়েছি। সেখানকার লোকজনের সঙ্গে খারাপ আচরণ করায় গ্রাম পুলিশের একজন সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’