পুত্রবধূকে শাসন করায় শ্বশুর-শাশুড়িকে বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুত্রবধূকে শাসন করায় নওগাঁর মান্দায় স্থানীয় সালিস বৈঠকে এক দম্পতিকে বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ওই দম্পতিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দম্পতি হলেন আতাবর রহমান (৫০) ও জরিনা বিবি (৪০)। গুরুতর আহত অবস্থায় আতাবর রহমানকে গতকাল শুক্রবার সকালে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ২৪ মে সকাল নয়টার দিকে আতাবর রহমানের ছেলে জামাল হোসেন ও পুত্রবধূ সুরাইয়া বিবির মধ্যে ঝগড়া হয়। আতাবর রহমান উভয়কে থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে তিনি পুত্রবধূকে নিবৃত্ত করতে চড়-থাপড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাতবরেরা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের কাসেম মাস্টারের বাড়ির উঠানে সালিস বৈঠকের আয়োজন করে। বৈঠকে প্রসাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়েজ উদ্দিন তরফদার, ইউপি সদস্য আলেয়া বিবি, গ্রামের মাতব্বর আলতাফ হোসেন, সুজন আলী, আবদুল কাইয়ুম, আজিজার রহমানসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সালিসের সভাপতি আলতাফ হোসেনের হুকুমে ওই দম্পতিকে সেখানে ধরে আনা হয়। বৈঠকের রায়ে ওই ওই দম্পতির প্রত্যেককে ৫০টি বেত্রাঘাত ও তাঁদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে উভয়েই আহত হন।
এ ব্যাপারে আতাবর রহমানের সঙ্গে গতকাল বিকেলে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি গোপন করার চেষ্টা করেন। তবে পরে তিনি বলেন, গ্রাম্য সালিসে তাঁকে ও তাঁর স্ত্রীকে বেত্রাঘাত করা হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মুঠোফোনে ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন তরফদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সালিস বৈঠক হয়েছে। তবে সেখানে কোনো বেত্রাঘাত বা কোনো জরিমানা করা হয়নি।
গ্রামের মাতবর আলতাফ হোসেন বলেন, বৈঠকে তিনি সভাপতি ছিলেন না। যেখানে চেয়ারম্যান উপস্থিত থাকে, সেখানে অন্য কেউ সভাপতি হয় কীভাবে। বেত্রাঘাত করার কথাও তিনি অস্বীকার করেন। চেয়ারম্যানের আদেশে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘এ ধরনের ঘটনার খবর পেয়েছি। তবে গতকাল শূক্রবার সন্ধ্যা পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ করেননি।’