পুত্রবধূর হাতে শাশুড়ি, স্বামীর হাতে স্ত্রী খুন
ঢাকার সাভারে গতকাল বৃহস্পতিবার পুত্রবধূর হাতে শাশুড়ি ও আশুলিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সাভার মডেল থানা-পুলিশের বিবরণ অনুযায়ী, সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিঞ্জিরা গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম তাঁর ছেলের নামে ১৫ শতাংশ জমি লিখে দেওয়ার জন্য শাশুড়িকে চাপ দিচ্ছিলেন। শাশুড়ি সুফিয়া বেগম (৬০) এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। গতকাল সকালে শাশুড়ির সঙ্গে দেলোয়ারার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ারা তাঁর শাশুড়িকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
প্রতিবেশী খায়রুজ্জামান বলেন, ঘটনার সময় ওই বাড়িতে পুত্রবধূ ও শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না। হত্যাকাণ্ডের পর সকাল নয়টার দিকে দেলোয়ারা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়ে রিকশায় করে চলে যান। এতে পাশের বাড়ির লোকজনের সন্দেহ হলে তাঁরা ওই বাড়িতে গিয়ে সুফিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় গতকাল সকালে স্বামীর হাতে পারুল আক্তার (২৩) নামের এক গৃহবধূ খুন হন। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবদুল ওয়াহাব পলাতক।
নিহত পারুলের বোন পাতলি বেগম বলেন, বছর দুয়েক আগে ওয়াহাবের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা কাঠগড়া এলাকায় থাকতেন এবং স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। তবে বিয়ের পর থেকেই দুজনের মধ্যে কলহ চলছিল।