পুনর্বাসনে ফিরে আসা জঙ্গিদের কর্মসূচি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী সিরিজ বোমা হামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ও জেএমবির শীর্ষস্থানীয় এক নেতার ছেলে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২০১২ সালে। জামিনে মুক্তির বছরখানেকের মাথায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করে জেএমবির একটি অংশের সমন্বয়কের দায়িত্ব পালনের দা‌য়ে। তিনি সম্প্রতি আবার জামিনে মুক্তি পেয়েছেন। স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন, সমর্থন পাচ্ছেন না কারও।

জঙ্গিবাদ দমনে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও জঙ্গিবাদ নিয়ে যাঁরা গবেষণা করছেন তাঁরা মনে করেন, পুনর্বাসনের সুযোগ না পাওয়া এই মানুষগুলোর আবার জঙ্গিবাদে জড়ানোর ঝুঁকি আছে। যখন কেউ তাঁদের গ্রহণ করেন না, তখন জঙ্গিগোষ্ঠীগুলো আবার তাদের সঙ্গে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়। অনেকে সে আমন্ত্রণ গ্রহণ করেন। আবারও সহিংসতায় জড়ান।

পুলিশ সদর দপ্তরের অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সামাজিক-অর্থনৈতিক পুনর্বাসন না হলে জঙ্গিরা সহিংসতার পথ থেকে বেরিয়ে আসতে পারবে না। তবে এখন পর্যন্ত এ ধরনের পুনর্বাসন কৌশল নেওয়া হয়নি।

প্রতিবেদনের শুরুতে যে তরুণের কথা বলা হচ্ছিল, তাঁর বাড়ি দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলায়। গত মার্চে শ্রীমঙ্গলের একটি রেস্তোরাঁয় বসে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁর দাবি, নবম শ্রেণিতে পড়ার সময় প্রথম তাঁকে একটি গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যায়। লম্বা সময় অজ্ঞাতবাসে থাকার পর র‍্যাব তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়। জামিনে বের হওয়ার পর ২০১৫ সালে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। দুই বছর পর ২০১৭ সালের মার্চে তাঁকে জামিন দেন আদালত। তখন থেকেই নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে শুরু করেন ওই তরুণ।

নিয়ম অনুযায়ী একজন আত্মীয়ের জিম্মায় তাঁকে তুলে দেওয়ার কথা, যিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দায়বদ্ধ থাকবেন। ওই তরুণকে তাঁর কোনো স্বজনই জিম্মায় নিতে রাজি হননি। পরে তাঁর এক চাচা মুচলেকা দিয়ে ভাইপোকে ছাড়িয়ে আনেন। তাঁর বাবা ও বড় ভাই কারাগারে এখনো, মা ও ছোট ভাই নিরুদ্দেশ। তরুণটির ইচ্ছা ছিল পৈতৃক বাড়ি থেকে স্বাভাবিক জীবনযাপনের শুরুটা করবেন। বহু বছর পর বাড়িতে গিয়ে তিনি কিছু পাননি। তত দিনে সব লুট হয়ে গেছে। প্রতিবেশীরাও তাঁকে জায়গা দিতে রাজি হননি নিজেদের নিরাপত্তার কথা বিবেচনায়।

এরপর কাজ খুঁজতে শুরু করেন ওই তরুণ। নতুন করে বিড়ম্বনায় পড়েন। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ কাজ দেবেন না। গেলেন পৌরসভার মেয়রের কাছে। মেয়র ব্যক্তিগতভাবে তাঁকে চেনেন, তবু তিনি তরুণটিকে তথ্য-প্রমাণসহ আসতে বললেন। ছোটবেলায় তাঁকে যে টিকা দেওয়া হয়েছিল সেই কাগজপত্র দেখতে চাইলেন মেয়র। টিকার কাগজ তিনি খুঁজে পাননি। জাতীয় পরিচয়পত্রও করতে পারেননি।

তরুণটি এখন একটি হার্ডওয়্যারের দোকানে লোহালক্কড় নামানোর কাজ করেন। দিনে ১০০ টাকা পান। খাওয়াদাওয়ার পর ওই টাকা থেকে কিছু সরিয়ে রাখেন প্রতি মাসে আদালতে হাজিরা দেওয়ার খরচ মেটাতে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাকে অনেকে পরামর্শ দিয়েছেন, অন্য কোনো জায়গা থেকে জাতীয় পরিচয়পত্র করে নিতে। আমি রাজি হইনি। আমার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আছে। অন্য জায়গা থেকে জাতীয় পরিচয়পত্র করা হলে আমি পরিচয় লুকাচ্ছি, এমন অভিযোগ উঠবে তখন।’

প্রতিবেদনটি তৈরির সময় এই তরুণ ছাড়াও সন্দেহভাজন পাঁচ জঙ্গি এবং পুলিশি অভিযানে মা বা বাবাকে হারিয়েছে এমন দুটি শিশুর অভিভাবকের সঙ্গে কথা হয়। তাঁদের একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি প্রথম আলোকে বলেন, একটা সময় ভালো ফলের জন্য যাঁরা চাকরি দিতে যোগাযোগ করতেন, তাঁরা আজকাল আগ্রহ দেখান না, ভয় পান। পারিবারিক কোনো অনুষ্ঠানে তিনি হাজির হন, আত্মীয়স্বজনেরা তা চান না। তাঁর মতো তাঁর সন্তানেরাও একঘরে হয়ে আছে। বিপদে পড়েছে শিশুরাও।

যে দুটি শিশুর স্বজনের সঙ্গে কথা হয়, তাদের একজনের মা ২০১৬ সালের ডিসেম্বরে আশকোনার সূর্যভিলায় আত্মঘাতী হন। অন্যজন এখন কিশোর। বাবা ও ভাই পুলিশি অভিযানে নিহত, মা কারাগারে। দুটি শিশুর স্বজনই বলেছেন, তারা খুব চুপচাপ থাকে। কারও সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করে না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক হেলাল উদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, জঙ্গিবাদে জড়িয়ে যাঁরা এখন সমাজ থেকে একরকম বিচ্ছিন্ন জীবনযাপন করছেন, তাঁরা বিষণ্নতায় ভুগবেন। সেখান থেকে তাঁরা আবারও সহিংসতায় জড়াতে পারেন। শিশুদের মধ্যে ব্যক্তিত্ব-সংকট দেখা দেওয়ার আশঙ্কা আছে। তারা সমাজে মিশতে পারবে না, কখনো কখনো হুটহাট অপরাধে জড়িয়ে পড়বে। এসব মানুষের মানসিক পরামর্শ দরকার। সেই সঙ্গে সামাজিক-অর্থনৈতিক সহযোগিতা প্রয়োজন।

পুনর্বাসনের উদ্যোগ সামান্য

যেসব সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করবে, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে বলে র‍্যাব গত বছর ঘোষণা দিয়েছিল। এর অংশ হিসেবে সাতজনকে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। র‍্যাব ওই সাতজনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিয়েছে এবং তাদের খোঁজখবর রাখছে বলে জানা গেছে। তবে র‍্যাবের এই কর্মসূচি কোনো সুনির্দিষ্ট কৌশলের আওতায় হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের বহু দেশে এ ধরনের মানুষগুলোর সহিংসতায় জড়ানোর নজির আছে। উদাহরণ হিসেবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের কর্মকর্তারা ইন্দোনেশিয়ার প্রসঙ্গ টেনেছেন। ইন্দোনেশিয়ায় সরকারি ব্যবস্থাপনায় ন্যাশনাল কাউন্টার টেররিজম এজেন্সি ও বেসরকারি বেশ কিছু সংস্থা এখন পুনর্বাসনের কাজ করছে। কারাগারে থাকার সময়ই বন্দীদের কাছ থেকে ছোটখাটো ব্যবসার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে, তারপর সেগুলোর বাস্তবায়নে সহযোগিতা করছে। কেউ মাছের খামার দিয়েছেন, কেউ পশুপালনে গেছেন, কেউ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করছেন, কেউ যন্ত্রপাতি ও গাড়ি মেরামতের দোকান দিয়েছেন। কেউ কেউ মোটরবাইক বা ট্যাক্সিচালকের কাজ নিয়েছেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো শাফকাত মুনীরের মতে, পুনর্বাসনের কাজটা শুরু হতে পারে কারাগার থেকে। জঙ্গিবাদে অভিযুক্ত হয়ে যাঁরা কারাগারে বন্দী আছেন, এমন কিছুসংখ্যক ব্যক্তিতে যথাযথ যাচাই-বাছাই করে পুনর্বাসনের ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন, অভিযুক্তদের অনেকে হয়তো উগ্রবাদের প্রথম পর্যায়ে রয়েছেন। তাঁদের এখনো সঠিক পথে ফেরানো সম্ভব। অন্যান্য দেশের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশেও পুলিশি নজরদারিতে রেখে উগ্রপন্থীদের পুনর্বাসনের একটা কৌশলগত পরিকল্পনা করা যেতে পারে।