পুনর্বিচারের আদেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় পুলিশের ছয় সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলাটি পুনর্বিচারের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার সকালে এই আদেশ দেন জেলা ও দায়রা জজ রেজাউল করিম।
১৯ পুলিশ সদস্যসহ ২৭ সাক্ষীর ২৬ জনই আদালতে সাক্ষ্য দিতে না আসায় ২০১৪ সালের ২ অক্টোবর বিচারিক আদালত মামলার একমাত্র আসামিকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন। প্রায় দুই বছর পর সরকারপক্ষ ওই আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করলে গতকাল এই আদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি বগুড়া আর্মড পুলিশের একটি ট্রাক নাটোর হয়ে রাজশাহী যাচ্ছিল। নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার এলাকায় বেপরোয়া গতিতে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পুলিশের ছয় সদস্য নিহত হন। এ ঘটনায় বাসের চালক মো. দুলালের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা হয়। নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান মামলাটি তদন্ত করে ওই চালকের বিরুদ্ধে ২০১০ সালের ৩০ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ২৭ জনকে সাক্ষী করা হয়। তাঁদের মধ্যে বাদীসহ ১৯ জন পুলিশ সদস্য।
নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১ মামলাটির বিচার সম্পন্ন করেন। স্থানীয় কাজি ছাড়া আর কেউ আদালতে সাক্ষ্য দিতে হাজির হননি। এ কারণে ২০১৪ সালের ২ অক্টোবর আদালত আসামিকে খালাস দিয়ে মামলাটি নিষ্পত্তি করেন।
পরবর্তী সময়ে পুলিশ সদর দপ্তর কী কারণে সাক্ষীরা সাক্ষ্য দিতে আদালতে অনুপস্থিত ছিলেন, তা তদন্ত করে দেখার জন্য কমিটি গঠন করে। কমিটির সুপারিশের ভিত্তিতে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দায়রা জজ আদালতে আপিল করা হয়। সরকারি কৌঁসুলি (পিপি) ২০১৪ সালের ৩১ জানুয়ারি আপিল করেন। গত মঙ্গলবার আপিলের শুনানি হয়। শুনানিতে সরকারপক্ষ মামলাটি পুনর্বিচারের আবেদন করলে বিচারক ক্ষোভ প্রকাশ করে পিপির কাছে জানতে চান, আদালতের কাছে পুলিশ ও অন্য বিচারপ্রার্থীর মধ্যে পার্থক্য করার সুযোগ আছে কি না। বিচার চলাকালে কেন পুলিশ সদস্যরা সাক্ষ্য দিতে আসেননি? তাঁদের জন্য কি আদালত বসে থাকবেন?
নাটোর আদালত পুলিশের পরিদর্শক নাসির আলী মণ্ডল বলেন, পুলিশ সদর দপ্তরের পর্যবেক্ষণে সাক্ষীদের গাফিলতির বিষয়টি ধরা পড়ে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জ্যেষ্ঠ কর্মকর্তারা গুরুত্বসহকারে মামলাটির তদারক করছেন। এবার খুব অল্প সময়ে সাক্ষীদের আদালতে হাজির করা হবে। আপিল আদালতের রায়ে পুলিশ বিভাগে স্বস্তি ফিরে এসেছে।