পুরস্কার ঘোষিত এক জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বুধবার গ্রেপ্তার হওয়া সুমন হোসেন (বাঁয়ে)। পাশের ছবিটি ১৯ মে তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য প্রকাশ করে পুলিশ
রাজধানীতে বুধবার গ্রেপ্তার হওয়া সুমন হোসেন (বাঁয়ে)। পাশের ছবিটি ১৯ মে তাঁকে ধরিয়ে দেওয়ার জন্য প্রকাশ করে পুলিশ

এক মাস আগে ছবি প্রকাশ করে যে ছয় সন্দেহভাজন জঙ্গিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তাঁদের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তাঁর নাম সুমন হোসেন পাটোয়ারি (২০) ওরফে সাকিব ওরফে সিহাব ওরফে সাইফুল।
পুলিশ বলছে, প্রকাশক আহমেদুর রশীদকে (টুটুল) নিজ হাতে কুপিয়েছিলেন সুমন। তিনি নিষিদ্ধঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাঁকে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে পদচারী-সেতুর পাশে বাসস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। একই দিনে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ঢুকে কুপিয়ে হত্যা করা হয় প্রকাশক ফয়সল আরেফিনকে (দীপন)।
গত ১৯ মে লেখক অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরেফিনসহ (দীপন) অন্তত ১০টি হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে ধরিয়ে দিতে তাঁদের নাম ও ছবি গণমাধ্যমে প্রকাশ করে ডিএমপি। পুলিশ বলছে, এই ছয়জনের একজন সুমন। বাকি পাঁচজন হলেন শরিফুল, সেলিম, সিফাত, রাজু ও সাজ্জাদ। এঁদের ধরিয়ে দিলে দুই থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে আনসারুল্লাহর একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ও পরে দক্ষিণখানের সরদার পাড়ার আনসারুল্লাহর দুটি আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে আনসারুল্লাহর আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এঁদের দেওয়া তথ্য এবং অন্য তথ্যদাতাদের তথ্যের ভিত্তিতে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সুমনের বাড়ি চাঁদপুরে হলেও বড় হয়েছেন চট্টগ্রামের হালিশহরে। উচ্চমাধ্যমিক পাস করে আন্দরকিল্লায় একটি মেডিকেল সরঞ্জামের দোকানে বিক্রয়কর্মীর চাকরি নেন। গত বছরের প্রথম দিকে তিনি আনসারুল্লাহ টিমে যোগ দেন। যাঁর মাধ্যমে সুমন আনসারুল্লাহ টিমে যোগ দিয়েছিলেন তাঁকেও কয়েক দিন আগে গ্রেপ্তার করা হয়। সুমনের আগ্রহ দেখে তাঁকে ঢাকায় ‘বড় কাজের’ জন্য নিয়ে আসা হয়। মহাখালীতে একটি বাসা ভাড়া করে সুমনসহ পাঁচজনকে দেড় মাস রেখে চাপাতি চালানো ও চাপাতি নিয়ে ঘুরে বেড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ৩১ অক্টোবর শুদ্ধস্বরে হামলার পর সুমন চট্টগ্রামে ফিরে যান।
সংবাদ সম্মেলনে বলা হয়, শুদ্ধস্বরের কার্যালয়ে হামলার সার্বিক সমন্বয়কারী ও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন শরীফ এবং শাহবাগে প্রকাশক ফয়সল হত্যার দায়িত্বে ছিলেন সেলিম। পুরস্কার ঘোষিত ছয় সন্দেহভাজনের মধ্যে সেলিম ও শরীফও আছেন। শুদ্ধস্বরের কার্যালয়ে সুমনসহ পাঁচজন হামলা করেন। তাঁদের সবার কাছে চাপাতি এবং তিনজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওটা ছিল সুমনের প্রথম কোনো হামলায় অংশ নেওয়া।
মনিরুল ইসলাম বলেন, আনসারুল্লাহর নেতৃত্বের প্রথম ধাপে আছেন তাত্ত্বিক নেতারা, দ্বিতীয় ধাপে কথিত সামরিক কমান্ডার এবং তৃতীয় ধাপে আছেন পরিকল্পনা বাস্তবায়নকারীরা। শরীফ ও সেলিম তৃতীয় সারির নেতা। সংগঠনটির একটা মুফতি বোর্ডের মতো আছে। কোনো ব্যক্তিকে নিশানা (টার্গেট) করে তাঁর ব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে কথিত মুফতি বোর্ড সিদ্ধান্ত দেন যে তাঁকে হত্যা করা হবে কি না। হত্যার সিদ্ধান্ত হলে বাস্তবায়নকারী দলের সমন্বয়কারীদের (সংগঠনে ‘হাদী’ নামে পরিচিত) দায়িত্ব দেওয়া হয়। এরপর সমন্বয়কারীরা ওই হত্যা পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বাসা ভাড়া নিয়ে চার বা পাঁচজনের একটি সেল গঠন করে প্রশিক্ষণ দেন। এই সেলই পরে নির্দিষ্ট হত্যায় অংশ নেন।
মনিরুল বলেন, শরীফ ও সেলিম স্নাতক পড়ছেন। গত বছরের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ে খুন হওয়া ব্লগার ওয়াশিকুর রহমানের হত্যাকারীদের প্রশিক্ষণ দিয়েছিলেন শরীফ। দলটির আনুষঙ্গিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন সেলিম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, নিজেদের আইএস দাবিকারী যেসব জেএমবি সদস্য ধরা পড়েছে, তারা বলেছে আইএসের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই। আনসারুল্লাহও নিজেদের আল-কায়েদা নেটওয়ার্কের অংশ হিসেবে নিজেদের দাবি করে। যদিও আল-কায়েদার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তবে আনসারুল্লাহ ও জেএমবির উদ্দেশ্য এক। দুই দলই মনে করে এখন বড় আকারের জিহাদে যাওয়া যাবে না।