পুরান ঢাকা থেকে সরেনি রাসায়নিকের গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এখনো রাসায়নিকের গুদাম রয়ে গেছে। গতকাল দুপুরে আরমানিটোলা এলাকায়।  ছবি: প্রথম আলো
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এখনো রাসায়নিকের গুদাম রয়ে গেছে। গতকাল দুপুরে আরমানিটোলা এলাকায়। ছবি: প্রথম আলো
  • নিমতলী অগ্নিকাণ্ডের ৮ বছর
  • এখনো ঝুঁকির মধ্যে লাখো মানুষের বসবাস।
  • গুদাম, কারখানা সরিয়ে নিতে ব্যবসায়ীদের ওপর চাপ নেই।

কোনো বাড়ির নিচতলায় রাসায়নিকের গুদাম। কোনো বাড়িতে রাবারের স্যান্ডেল বা প্লাস্টিকের কারখানা আবার কোনোটিতে পণ্যের গুদাম। কোথাও দিনভর ঝাঁজালো ধোঁয়া আবার কোথাও হাতুড়ি আর যন্ত্রের ‘দড়াম-দড়াম’ শব্দ। এর মধ্যেই ঝুঁকি নিয়ে লাখো মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ পুরান ঢাকাকে এখন শিল্প এলাকা বললে ভুল হবে না।

ঘিঞ্জি অলিগলির ঘনবসতিপূর্ণ কোনো এলাকার দিনে দিনে শিল্প এলাকা হয়ে ওঠা কতটা বিপজ্জনক, আট বছর আগে তা দেখেছে মানুষ। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিকের গুদামে আগুন লেগে প্রাণ হারান ১২৪ জন। দাউ দাউ আগুনে মুহূর্তেই ঘনবসতিপূর্ণ এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর তালিকা করে ৮০০ রাসায়নিক গুদাম ও কারখানা পুরান ঢাকা থেকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় সরকার। তবে শেষ পর্যন্ত কাজটি আর হয়নি। কার্যত ফাইলবন্দী অবস্থায় রয়েছে কেরানীগঞ্জে ‘কেমিক্যালপল্লি’ গড়ার উদ্যোগ।

গত বৃহস্পতিবার নিমতলী থেকে লালবাগ এলাকা ঘুরে দেখা গেছে গুদাম, কারখানার সঙ্গেই মানুষের বসবাস। শ্রমিকেরা কাজ করছেন ঝুঁকি নিয়ে। দুর্ঘটনার ঝুঁকির বিষয়টি জানেন ব্যবসায়ীরাও। স্থানীয় বাসিন্দাদের কারও বক্তব্য, কিছু ব্যবসায়ী পুরো এলাকার মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছেন। আবার অন্যদের বক্তব্য এসব কারখানা আর গুদামই এখানকার মানুষের জীবিকার অবলম্বন। আর সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বলছেন, নিমতলীর আগুনের পরে ওই এলাকায় কোনো কারখানা বা গুদামের লাইসেন্স দেওয়া হয়নি। এখন যা চলছে তার সবই অবৈধ। আর স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, সরে যাওয়ার কথা দিয়েও কথা রাখেননি ব্যবসায়ীরা।

রাসায়নিক আমদানি ও গুদামজাত করতে হলে বিস্ফোরক অধিদপ্তর থেকে লাইসেন্স নিতে হয়। অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. শামসুল আলম প্রথম আলোকে বলেন, নিমতলী অগ্নিকাণ্ডের পর থেকেই ওই এলাকার ঠিকানায় একটি লাইসেন্সও দেওয়া হয়নি। ওই এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্সধারী কোনো গুদাম এখন নেই। তিনি বলেন, রাসায়নিকের গুদাম করার ক্ষেত্রেই কেবল তাঁরা লাইসেন্স দেন। প্লাস্টিক বা রাবারের কারখানা করার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন হয় না।

যেন শিল্প এলাকা

পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় গড়ে উঠেছে প্রচুর রাবার (ইভা), প্লাস্টিক ও স্যান্ডেল-জুতা তৈরির কারখানা। এসব পণ্যের কাঁচামাল যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক, প্লাস্টিকের গুটি, রং ইত্যাদির দোকান এবং গুদামও রয়েছে। এ ছাড়া রয়েছে ভাঙারি প্লাস্টিকের গুদাম, প্লাস্টিক পুনঃপ্রক্রিয়াকরণ কারখানা, ইমিটেশনের গয়না, লেদ মেশিন, তারকাঁটা তৈরির কারখানাও। এগুলো বেশির ভাগেরই অগ্নিনির্বাপণব্যবস্থা ও ফায়ার লাইসেন্স নেই।

লালবাগের ইসলামবাগের প্লাস্টিকের গুটি তৈরির কারখানার মালিক হাজি শরীফুল বলেন, বেচা-বিক্রির নানা সুবিধা থাকায় এখানে সব কারখানা গড়ে উঠছে। তবে সরকার সব ধরনের সুবিধা দিয়ে অন্য জায়গায় কারখানা সরাতে চাইলে তাঁদের আপত্তি থাকবে না।

ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের কর্মকর্তারা বলছেন, নিমতলীতে আগুনটি ভয়াবহ আকার ধারণ করেছিল মিথাইল ক্লোরাইড ও টলুইন ডাই-আইসোসায়ানেট নামের মারাত্মক দাহ্য দুটি রাসায়নিকের কারণে। বিভিন্ন গুদামের ড্রামে এই রাসায়নিকগুলো ছিল। জুতার আঠা (সল্যুশন) তৈরিতে এই রাসায়নিকগুলো ব্যবহৃত হয়। এই এলাকায় প্রচুর জুতার কারখানা থাকায় ব্যবসায়ীরা এগুলো অবৈধভাবে মজুত করছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় জুতার কারখানা প্রচুর। কারখানাগুলো গড়ে উঠেছে কুটির শিল্পের মতো। পুরো ব্যবসাটাই তারা করছে অবৈধভাবে করছে, কর্তৃপক্ষের অগোচরে। তিনি বলেন, এরপরেও কারখানা ও গুদামগুলো সরিয়ে নিতে কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে কমিটি এবং ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে সভা হয়েছে। কিছু অভিযানও চালানো হয়েছে। আবার অভিযান চালানো হবে।

কথা রাখেননি ব্যবসায়ীরা

ব্যবসায়ীরা সরে যাওয়ার কথা দিয়েও কথা রাখেননি বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের (বংশাল) কাউন্সিলর আউয়াল হোসেন। তিনি বলেন, সিটি করপোরেশন থেকে একটা কমিটি করার পর এ বছরের শুরুতে একাধিক উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। তখন ব্যবসায়ীরা সরে যেতে দুই থেকে চার মাস পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু তাঁরা সরে যাননি। ঈদের পরে টানা এক মাস অভিযান চালানোর পরিকল্পনা করছে সিটি করপোরেশন।

জেনে-বুঝেও সবাই চুপ

যেকোনো ফোরামে, আলোচনায় যখনই পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম, কারখানা সরানোর কথা বলা হয়, তখনই মন্ত্রী বা সরকারি কর্মকর্তারা তাতে সমর্থন দেন। কিন্তু কোনো কাজ হয়নি। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ‘সরকার যদি চাপ না দেয় তাহলে ব্যবসায়ীদের কী ঠেকা পড়েছে। জেনে-বুঝেও কেউ কিছু করছে না।’