পুরান ঢাকায় ব্যবসায়ীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত জামিল হোসেন
নিহত জামিল হোসেন

পুরান ঢাকায় জামিল হোসেন (৩২) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে স্ত্রী মৌসুমী আক্তার (২১) দুই সহযোগীকে নিয়ে জামিলকে হত্যা করেন। গত সোমবার মধ্যরাতে ওয়াটার ওয়ার্কস রোডের বাসা থেকে বস্তাবন্দী অবস্থায় জামিলের লাশ উদ্ধার করা হয়।
নিহত জামিলের ভগ্নিপতি আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, দুই-তিন মাস ধরে জামিল-মৌসুমীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার দুপুরে মোহাম্মদপুরে কৃষি মার্কেট বিহারি ক্যাম্পে তাঁর বাসায় মায়ের সঙ্গে মৌসুমী এসে জানান, জামিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় জানানো হয়েছে কি না, জানতে চাইলে মৌসুমী ও তাঁর মা বলেন, ঝামেলার ভয়ে তাঁরা থানায় অভিযোগ করেননি। পরে ওই দুজন মিরপুরে চলে যান।
আনোয়ার বলেন, ‘সোমবার সন্ধ্যায় আমার স্ত্রী শাহিদা পারভীন ও মেয়ে রুমা পারভীন জামিলকে খুঁজতে জামিলের বাসায় যান। বাসা তালাবদ্ধ দেখে রাত আটটার দিকে তাঁরা থানায় যান সাধারণ ডায়েরি (জিডি) করতে।’ তিনি বলেন, সোয়ারীঘাটে জামিলের গাম ও স্কচটেপের কারখানা রয়েছে। এই দম্পতির সাড়ে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, জামিলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে সোমবার রাত নয়টার দিকে কৌশলে মৌসুমীকে থানায় আনা হয়। তাঁর কথা অসংলগ্ন মনে হলে তাঁকে সঙ্গে নিয়ে বাসায় যায় পুলিশ। বাসার চাবি চাইলে মৌসুমী বলেন, চাবি হারিয়ে গেছে। এতে সন্দেহ আরও বাড়ে। একপর্যায়ে দরজার তালা ভেঙে ঘরে ঢুকতেই কটু গন্ধ পাওয়া যায়। পরে খাটের নিচে বস্তাবন্দী অবস্থায় জামিলের লাশ উদ্ধার করা হয়। লাশ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। তাঁর শরীরে ১৭টি আঘাতের চিহ্ন রয়েছে।
মুরাদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে মৌসুমী বলেছেন, রোববার শেষ রাতে জামিলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর চাকু দিয়ে গলা কাটা হয়। পরে বঁটি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। জামিলের বন্ধু আল-আমিনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড। আসলাম নামে জামিলের আরেক বন্ধু হত্যায় সহযোগিতা করেন।
মুরাদুল বলেন, পরিকল্পিতভাবে জামিলকে হত্যা করা হয়েছে। হাতের ছাপ যেন না থাকে সে জন্য হত্যাকারীরা গ্লাভস ব্যবহার করেছেন। সোমবার রাতে লাশ গুম করার পরিকল্পনা ছিল তাঁদের। এর আগেই পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ বলেন, সোমবার রাতেই মৌসুমী, আল-আমিন ও আসলামকে আটক করা হয়েছে। পাশাপাশি প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।
পুলিশ বলেছে, জামিল-মৌসুমীর পূর্বপুরুষেরা ভারতের বিহার রাজ্যের অধিবাসী। জন্মসূত্রে এই দম্পতি বাংলাদেশের নাগরিক। মৌসুমীর বাবা-মা ও ভাইবোন পুরান ঢাকার চাঁদনি ঘাটে থাকেন। জামিলের এক বোন শাহিদা ছাড়া পরিবারের সবাই থাকেন বিহারে।
মৌসুমীর মা সাফিনা বেগম বলেন, আট ভাইবোনের মধ্যে জামিল তৃতীয়। আট বছর আগে জামিল ও মৌসুমীর বিয়ে হয়। তাঁদের মধ্যে দাম্পত্য কলহ ছিল না।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে জামিলের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যায় এ হত্যার ঘটনায় চকবাজার থানায় মামলার প্রস্তুতি চলছিল।