পুরান ঢাকায় দুটি ছিনতাই
বুড়িগঙ্গা নদীতে ছাত্র ইউনিয়নের কয়েকজন কর্মীকে জিম্মি করে ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া বিআইডব্লিউটিএর এক ঠিকাদারের ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
ছাত্র ইউনিয়ন কর্মীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় ফরাশগঞ্জ ঘাট এলাকায়। বাউল উৎসবের জন্য কয়েকজন ছাত্র পুরান ঢাকার সদরঘাট এলাকায় গণচাঁদা তুলতে যান। তাঁদের নৌকাটি ফরাশগঞ্জ ঘাট এলাকায় আসার পর ছয় দুর্বৃত্ত নৌকার গতি রোধ করে। তারা সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর চাঁদার ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বিআইডব্লিউটিএর ঠিকাদার মো. আসাদুজ্জামান বলেন, বেলা ১১টার দিকে তিনি ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তুলে সদরঘাট টার্মিনালে যাচ্ছিলেন। রায়সাহেব বাজারের কাছে আসার পর দুই মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনতাই করে।