পুরান ঢাকায় নানি ও নাতনি খুন
পুরান ঢাকার ইসলামবাগে গতকাল সোমবার বিকেলে নানি ও নাতনিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁরা হলেন রাশেদা বেগম (৬০) ও তাঁর নাতনি বন্যা আকতার (২২)। এ সময় রাশেদা বেগমের এক মেয়ে সীমা আক্তারকে (৩০) গুরুতর আহত করা হয়েছে।
অভিযোগ উঠেছে, রাশেদা বেগমের এক মেয়ের জামাই মো. জীবন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
স্থানীয় লোকজন বলেন, ছয়-সাত বছর আগে রাশেদা বেগমের মেয়ে সুমি আক্তারের সঙ্গে জীবনের বিয়ে হয়। সে সময় জীবন ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। দেড় বছর আগে সুমি একটি ছেলেসন্তান জন্ম দেওয়ার তিন দিন পর মারা যান। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি মেয়েও আছে। মা মারা যাওয়ার পর দুই শিশু নানি রাশেদা বেগমের কাছেই থাকে। মাঝেমধ্যে জীবন এসে সন্তানদের দেখে যেতেন, কিন্তু তাদের ভরণপোষণের খরচ দিতেন না। একসময় জীবন তাঁর দুই সন্তানকে নিজের কাছে নিয়ে যেতে চান। জীবন মাদকাসক্ত—এমন অভিযোগ থাকায় রাশেদা দুই নাতি-নাতনিকে তাঁর কাছে দিতে রাজি হননি। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালতের নির্দেশে দুই শিশুর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের নানির কাছে রাখার নির্দেশ দেন।
চকবাজার থানার উপপরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, ইসলামবাগ ঈদগাহ মাঠের পাশে একটি ছয়তলা ভবনের চারতলায় ভাড়া থাকতেন রাশেদা বেগম। ঈদ উপলক্ষে গতকাল বিকেলে দুই সন্তানের জন্য জামাকাপড় নিয়ে ওই বাসায় যান জীবন। জামাকাপড় দেওয়ার পর তিনি সন্তানদের নিজের সঙ্গে নিয়ে যেতে চান। রাশেদা এতে বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে জীবন তাঁর সঙ্গে ব্যাগে আনা ছুরি বের করে শাশুড়ি রাশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। রাশেদার চিৎকার শুনে পাশের ঘর থেকে তাঁর মেয়ে সীমা ও সীমার বড় বোনের মেয়ে বন্যা দৌড়ে যান। জীবন এ সময় সীমা ও বন্যাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলেই রাশেদা মারা যান। হাসপাতালে নেওয়ার পথে বন্যা মারা যান।