পুরান ঢাকায় পিটুনিতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত সাজ্জাদুরের মায়ের কান্না
নিহত সাজ্জাদুরের মায়ের কান্না

পুরান ঢাকার টিপু সুলতান রোডে গতকাল রোববার সাজ্জাদুর রহমান ওরফে রবিন (২৮) নামের এক যুবক পিটুনিতে মারা গেছেন। পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তিনি মারা গেছেন। তবে পরিবারের অভিযোগ, ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত সাজ্জাদুরকে ওয়ারী থানার পুলিশ ছিনতাইকারী সাজিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সাজ্জাদুর ও জহিরুদ্দিন নামের দুই যুবককে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য। তখন কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদুরকে মৃত ঘোষণা করেন। জহিরুদ্দিন পুলিশের পাহারায় চিকিৎসা নেন।
এসআই আনোয়ার হাসপাতালে সাংবাদিকদের জানান, আহত জহিরুদ্দিন মুঠোফোনে টাকা আদান-প্রদানের সেবাদাতা বিকাশের এজেন্টের কর্মী। বেলা ১১টার দিকে তিনি একটি ব্যাগে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে ভজহরি সাহা স্ট্রিট প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন সাজ্জাদুরসহ কয়েকজন তাঁর গতিরোধ করে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। জহিরুদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাজ্জাদুরকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। গণপিটুনিতে গুরুতর আহত হন সাজ্জাদুর।
তবে সাজ্জাদুরের চাচা তকিবুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশের বক্তব্য ঠিক নয়। বেলা ১১টার দিকে তিনি ভজহরি সাহা স্ট্রিটে তাঁদের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন কিছুটা দূরে হট্টগোল শোনেন। তিনি দেখেন, সাজ্জাদুর হেঁটে বাড়ির দিকে আসছেন। তাঁর পেছনে এসআই আনোয়ারসহ কয়েকজন পুলিশ সদস্য। এক পুলিশ সদস্যের হাতে ছিল একটি ব্যাগ। একপর্যায়ে এসআই দৌড়ে এসে ভজহরি সাহা স্ট্রিটের প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাজ্জাদুরকে আটক করেন।
তকিবুর রহমান বলেন, ‘আমি কারণ জানতে চাইলে এসআই জানান, সাজ্জাদুর ছিনতাই করেছেন। এরপর পুলিশ সাজ্জাদুরের দেহ তল্লাশি করে। তল্লাশিতে কিছু না পেলেও পুলিশ সাজ্জাদুরকে ধরে থানার দিকে রওনা দেয়। এসআই আমাকে থানায় যেতে বলেন। কিন্তু ১০ মিনিট পর জানতে পারি, কাছেই টিপু সুলতান রোডের একটি গলিতে সাজ্জাদুরকে পিটিয়ে রাস্তায় ফেলে রেখেছে পুলিশ।’ তিনি দাবি করেন, সাজ্জাদুর ছিনতাইকারী নন। টিপু সুলতান রোডে ‘হৃদয় ডেকোরেটর’ নামে তাঁদের পারিবারিক দোকানে সাজ্জাদুর বসতেন।
সাজ্জাদুরের আরেক চাচা আনিসুর রহমান বলেন, সাজ্জাদুর যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা ছিলেন। রাজনৈতিক কারণে তাঁকে ‘ছিনতাইকারী’ সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ। সাজ্জাদুরদের সহায়-সম্পত্তির অভাব ছিল না। তাঁর ছিনতাই করার প্রশ্নই ওঠে না।
পারিবারিক সূত্র জানায়, সাজ্জাদুর ভজহরি সাহা স্ট্রিটে সপরিবারে থাকতেন। চার ভাইবোনের মধ্যে সবার বড় সাজ্জাদুরের তিন বছরের এক মেয়ে আছে।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা শেষে জহিরুদ্দিনকে বিকেলে পুলিশ নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন জহিরুদ্দিনকে পুলিশ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সাজ্জাদুরসহ কয়েকজন যুবক তাঁর চোখে ধুলাবালু ছুড়ে মারেন এবং একটি গলিতে নিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসে।
পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, পরিবারের অভিযোগ মিথ্যা। গণপিটুনিতেই সাজ্জাদুর মারা গেছেন। ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।