পুরান ঢাকায় হোটেল ব্যবস্থাপককে গলা কেটে হত্যা

পুরান ঢাকার নবাবপুর সড়কের একটি হোটেল থেকে আজ শনিবার সকালে আনোয়ার হোসেন বেপারি নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন (৩৮) ওই হোটেলের ব্যবস্থাপক ছিলেন।
বংশাল থানার পুলিশ নবাবপুর এলাকায় আল আরাফাত নামের ওই হোটেলের দ্বিতীয় তলায় আনোয়ারের কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
আনোয়ার হোসেনের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায়। আনোয়ারের দুই মেয়ে রয়েছে।
হোটেলের এক কর্মচারীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয় মিটফোর্ড হাসপাতালের মর্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমরা ৮-১০ জন কর্মচারী কাজ শেষে রাতে হোটেলে দ্বিতীয় তলায় ঘুমাতাম। আমাদের পাশের কক্ষে ঘুমাতেন আনোয়ার হোসেন। শনিবার ভোরবেলা হোটেলের অন্যান্য কর্মচারীর কাছ থেকে শুনতে পাই আনোয়ারকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়েছে।’ তবে কী কারণে আনোয়ারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, এ বিষয়ে কিছু তিনি জানেন না।
নিহত ব্যক্তির এক ভাতিজা মোখলেস বেপারি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করেন। তিনি বলেন, ‘শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাসা থেকে ফোন করে জানায়, চাচা হোটেলে খুন হয়েছেন। দুপুরের দিকে মিটফোর্ড হাসপাতালের মর্গে এসে চাচার লাশ দেখতে পাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের এলাকায় চাচার সঙ্গে কারও কোনো বিবাদ ছিল না।’ তাঁর কর্মস্থল হোটেলের লোকজন এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে তিনি সন্দেহ করছেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাতটার দিকে হোটেলের কর্মচারীরা কক্ষে গিয়ে আনোয়ারকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, মনে হচ্ছে রাতের কোনো এক সময় মাথায় মসলা বাটার পাথর দিয়ে আঘাত করার পর আনোয়ারকে হত্যা করা হয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য হোটেল মালিকের ভাই, ম্যানেজারসহ নয়জনকে আটক করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত চলছে।