নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে গণপিটুনিতে আটজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় ‘পুলিশের অভিযান’ আতঙ্ক বিরাজ করছে। পুলিশের দায়ের করা হত্যা মামলায় কয়েক হাজার লোককে আসামি করায় গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে রয়েছে গ্রামবাসী। এদিকে গণপিটুনিতে নিহত পাঁচজনের লাশ গতকাল শুক্রবার তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গণপিটুনিতে নিহত আটজনের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় লোকজন বিশ্বাসই করতে পারছে না, তারা ডাকাত ছিল।
পুরিন্দা বাজারে গতকাল লোকজনের উপস্থিতি ছিল কম। সবাই কম-বেশি আতঙ্কিত, কখন পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে বাজারের হোমিওপ্যাথি চিকিৎসক এনামুল হক বলেন, ‘ভাই, মানুষ মারা খারাপ। আমরা এটা সমর্থন করি না। কিন্তু হাজার হাজার মানুষ উত্তেজিত হয়ে গেলে তখন আর কোনো কিছুর নিয়ন্ত্রণ থাকে না।’ তিনি বলেন, পুলিশ বলে, আড়াইহাজারে নাকি ডাকাতি কমে গেছে। অথচ প্রায়ই ডাকাতি ঘটছে।
বাজারে আসা টেকপাড়ার কাওসার, তাঁতশ্রমিক কামিজ উদ্দিন ও বাজারের সরকার স্টোরের আমিনুল ইসলাম সরকারের বক্তব্য, দিনের পর
দিন এলাকার ডাকাতির ঘটনার বিচার না হওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ একে তো ডাকাত ধরে না, আবার ধরলেও দেখা যায় দু-তিন মাস পরেই তারা বেরিয়ে আসে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, পুলিশ দেরিতে ঘটনাস্থলে গিয়েছিল, এই অভিযোগ সত্য নয়। খবর পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে তারা সেখানে গেছে। তবে লোকবল কম থাকায় হাজার হাজার মানুষকে গণপিটুনি থেকে নিবৃত্ত করা যায়নি। তিনি দাবি করেন, তাঁদের তৎপরতার কারণে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
হস্তান্তর করা লাশ: গণপিটুনিতে নিহত রাজিব ওরফে রনি, জুয়েল ওরফে টিটু, রুবেল, সোহাগ ও ছোটনের লাশ গ্রহণ করেন তাদের স্বজনেরা। নিহত ছোটনের বড় ভাই খোকন মিয়া জানান, তাঁর ভাই বাড়িতে বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করত। ঘটনার আগের রাতে টেলিফোনে তাঁদের পরিবারের লোকজনকে জানায়, সে বন্ধুদের সঙ্গে গাজীপুরে বেড়াতে যাচ্ছে। এলাকায় তার বিরুদ্ধে কোনো চুরি বা ডাকাতির অভিযোগ নেই বলে তিনি দাবি করেন।
সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল ইসলাম বলেন, নিহত ও আহত প্রত্যেকেই আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা পেশাদার ডাকাত। গ্রেপ্তার ডাকাতেরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এ ঘটনায় ১৮ জন জড়িত ছিল। আর এর মূল হোতা শওকত ওরফে সোহাগ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজার এলাকায় চালের আড়ত ভাই ভাই স্টোরে একদল ডাকাত হানা দিয়ে চাল ডাকাতি করার সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে আটজনকে পিটিয়ে হত্যা করে এবং পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েক হাজার লোককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অন্যদিকে চালের আড়তে ডাকাতির ঘটনায় ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর বাদী হয়ে নিহত আটজন এবং গ্রেপ্তারকৃত চারজনসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
স্তম্ভিত পরিবার: গণপিটুনিতে নিহত ময়মনসিংহের তিনজন হলেন সদর উপজেলার বাড়েরা এলাকার ভাটিপাড়া গ্রামের রুবেল (২৫), শওকত (৩০) ও বাড়েরা পাড়া গ্রামের টিটু (৩২)। তাঁদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নিহত ব্যক্তিরা স্থায়ীভাবে গ্রামে বসবাস করতেন। ডাকাত বা অপরাধী হিসেবে পরিচিত ছিলেন না।
গতকাল বিকেলে ভাটিপাড়া গ্রামে রুবেলের বাড়ি গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে নিথর হয়ে বসে আছেন রুবেলের মা রাশেদা বেগম এবং স্ত্রী হালিমা। হালিমার কোলে আড়াই মাস বয়সের শিশু। কিছুক্ষণ আগে রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। কান্নায় চোখ ভারী হয়ে থাকা রাশেদা জানান, রুবেল কয়েক বছর ময়মনসিংহ শহরে ইজিবাইক চালিয়েছেন। কিছুদিন আগে তিনি বাড়েরা মোড়ে চায়ের দোকান দেন। গত বুধবার সন্ধ্যায় শীতের কাপড় পরে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি।
একই চিত্র নিহত শওকতের বাড়িতেও। মা অসুস্থ হয়ে ঘরে অচেতন। শওকতের স্ত্রী পারভীন বেগম ছয় মাস বয়সী মেয়ে মারিয়া নুসরাতকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। পারভীন ও তাঁর স্বজনেরা জানান, শওকত ময়মনসিংহ শহরে একটি ক্লিনিকে ‘টেকনিশিয়ান’ হিসেবে কাজ করতেন। বুধবার রাতে মায়ের জন্য ওষুধ আনতে বাড়ি থেকে বের হন। আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বেলা একটার দিকে মুঠোফোনে কল যায়। তখন পুলিশ পরিচয়ে জানানো হয়, শওকত গণপিটুনিতে মারা গেছেন। কীভাবে এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল, তা বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা।
গতকাল ভাটিপাড়া গ্রামে রুবেল ও শওকতের লাশ দাফন করার পর পুরো গ্রাম স্তম্ভিত। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দুজনের কারও নামে গ্রামে কোনো অপবাদ ছিল না। এঁরা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতেন। ডাকাত দলের সঙ্গে যোগসূত্রের বিষয়টি মানতে তাঁদের কষ্ট হচ্ছে।