পুরো ওয়ার্ডেই ভাঙা সড়ক, আছে অবৈধ পার্কিং
>ঢাকা উত্তর সিটি করপোরেশন: ওয়ার্ড নম্বর ৭
সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের আয়তন প্রায় ২ কিলোমিটার। আয়তনে বেশি বড় না হলেও ৭১ হাজার ভোটারের এই ওয়ার্ডে লক্ষাধিক লোকের বাস। ভাঙা সড়ক, সড়কে ময়লার কনটেইনার, মাদক ও অবৈধ পার্কিংয়ের সমস্যায় জর্জরিত এ ওয়ার্ডের মানুষ।
গত শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৭ নম্বর ওয়ার্ডটি ঘুরে দেখা যায়, প্রধান সড়ক থেকে শুরু করে বেশির ভাগ সড়কে ছোট-বড় গর্ত। আবাসিক এলাকার ভেতরের সড়কগুলো দীর্ঘদিন মেরামত না করায় এবড়োখেবড়ো অবস্থা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিজেও বলছেন, ওয়ার্ডের ৮০ শতাংশ সড়কই খারাপ।
মিরপুর-২, রূপনগর আবাসিক এলাকা, মিরপুর-৬ (এ ও বি ব্লক), রাইনখোলা, রূপালী হাউজিং এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডে আছে বেশ কিছু বস্তি ও কাঁচা ঘর। ওয়ার্ডের শিয়ালবাড়ী এলাকায় রয়েছে বেশ কয়েকটি বস্তি। মিরপুরের এই ওয়ার্ডকে অনেকে বলেন ‘স্পোর্টস জোন’। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট একাডেমি, ইনডোর স্টেডিয়াম, জাতীয় সুইমিং কমপ্লেক্স এই ওয়ার্ডে অবস্থিত।
মিরপুর ২ নম্বর শিয়ালবাড়ী মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা হয়ে দুয়ারিপাড়ায় যাওয়ার প্রায় দুই কিলোমিটার মূল সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। শিয়ালবাড়ী থেকে দুয়ারিপাড়া পর্যন্ত মূল সড়কটি ডিএনসিসির দুটি ওয়ার্ডের মধ্যে পড়েছে। সড়কটির শিয়ালবাড়ী থেকে রূপনগর মোড় পর্যন্ত অংশ ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। দেখা যায়, শিয়ালবাড়ী মোড়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) রূপনগর ক্যাম্পাসের সামনের রাস্তা, রূপনগর আবাসিক এলাকা মোড়ে সড়কের বেহাল অবস্থা।
রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির হিসাবে, রূপনগরে আবাসিক-বাণিজ্যিক মিলিয়ে দেড় হাজারের বেশি হোল্ডিং রয়েছে। রূপনগর আবাসিক এলাকার ৩৩টি পার্শ্ব সড়কের অবস্থাও খারাপ। দেখা যায়, পার্শ্ব সড়কগুলো এবড়োখেবড়ো হয়ে আছে। শেষ কবে পিচঢালাই হয়েছিল, দেখে বোঝার উপায় নেই।
এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, কয়েক বছর আগে ওয়াসা রূপনগর এলাকায় পানির লাইন বসানোর কাজ করে। সে সময় রূপনগরের সব রাস্তাই খোঁড়া হয়। কিন্তু এরপর সেগুলো আর মেরামত করা হয়নি। নির্বাচনের আগে কাউন্সিলর পদপ্রার্থীরা সড়ক সংস্কারের কথা বললেও দুই বছরে অবস্থা বদলায়নি।
রূপনগর আবাসিক এলাকার প্রধান রাস্তায় প্রবেশ করতেই চোখে পড়ে বিশাল আকৃতির দুটি আবর্জনার কনটেইনার। কনটেইনার দুটির আবর্জনা উপচে আশপাশেও পড়ে আছে। এতে রাস্তাও হয়ে আছে স্যাঁতসেঁতে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার দেয়ালঘেঁষেই রাখা হয়েছে আবর্জনা।
স্থানীয় বাসিন্দা খন্দকার মাহমুদ বলেন, দিনের বেশির ভাগ সময়ই এখানে ময়লার স্তূপ পড়ে থাকে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিচ্ছন্নতাকর্মীরা নির্দিষ্ট জায়গার বাইরে থাকা ময়লা আর পরিষ্কার করতে চান না। তাই ময়লার এই ভোগান্তি থেকেই যায়।
দেখা যায়, এর পাশেই সিটি করপোরেশন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা রাখার জন্য অস্থায়ী ময়লা ফেলার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করেছে। সেটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে এসটিএসের নির্মাণকাজ শেষ হলেও এটি চালু হয়নি। তাই রাস্তায়ই ময়লার কনটেইনার ফেলে রাখা হয়।
মিরপুরে সনি সিনেমা হল থেকে রাইনখোলা চৌরাস্তা মোড় পর্যন্ত রাস্তার পাশে আছে বেশ কিছু গাড়ি মেরামতের গ্যারেজ। এসব গ্যারেজে মেরামতের জন্য আসা যানবাহন রেখে রাস্তার বড় অংশ দখল করে রাখা হয়েছে। সড়কের এক পাশে প্রায় অর্ধশত ট্রাক সার বেঁধে দাঁড় করিয়ে রাখা। এতে চিড়িয়াখানা সড়কে চলাচলকারী যানবাহন এখানে এসে জটলায় আটকে যায়।
ওয়ার্ডের রাইনখোলা ও শিয়ালবাড়ী অংশে আছে একাধিক বস্তি। ওয়ার্ডের অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বস্তিতে দিনের বেলায়ও মাদক বিক্রি হয়। মাদকসেবীদের জন্য সন্ধ্যার পর এর আশপাশের রাস্তা দিয়ে চলাচল করতেও ভয় পায় অনেকে।