চট্টগ্রাম সিটি করপোরেশনের পুরোনো ও অকেজো মালামাল বিক্রির দরপত্র জমা দিতে পারেননি সাধারণ ঠিকাদারেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে একদল যুবক তাঁদের বাধা দেন।
এদিকে, ঠিকাদারদের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দরপত্র প্রক্রিয়া বাতিল করেছে সিটি করপোরেশন।
করপোরেশনের সচিব রশিদ আহমদ প্রথম আলোকে বলেন, একদল যুবক করপোরেশনের পুরোনো ও অকেজো মালামালের দরপত্র ফরম জমা দিতে আসা সাধারণ ঠিকাদারদের বাধা দিয়েছেন। তাই দরপত্র প্রক্রিয়া বাতিল, পুনঃদরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাধাদানকারী যুবকদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, করপোরেশনের সাগরিকা স্টোরে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের বিটুমিনের ড্রাম বিক্রি করার জন্য নিলাম দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করে করপোরেশন। গতকাল বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এই নিলামের জন্য ৩৯টি দরপত্র ফরম বিক্রি হয়। তবে গতকাল জমা পড়েছিল মাত্র তিনটি। ১৫-২০ জন যুবক গতকাল সকাল থেকে দরপত্র বাক্স ঘেরাও করে রাখেন। এ সময় তাঁরা কাউকে দরপত্র ফরম জমা দিতে দেননি। সাধারণ ঠিকাদারেরা বিষয়টি করপোরেশনের মেয়র মন্জুর আলমকে অবহিত করেন। পরে সচিব ও নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের সরিয়ে দেন। এ সময় বাধাদানকারী যুবকদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের বাগ্বিতণ্ডা হয়।