পুরোনো সিলেবাসে পরীক্ষা, আট শিক্ষককে অব্যাহতি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া এসকে সরকারি কলেজ কেন্দ্রে ও সদর উপজেলার সাতপাড় বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ অভিযোগে দুই কেন্দ্রসচিবসহ আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে পরীক্ষায় প্রশ্ন কমন না পড়ায় এবং ভালো পরীক্ষা দিতে না পেরে অনেকটা ভেঙে পড়েছে দুই কেন্দ্রের ১৫০ জন পরীক্ষার্থী।
জানা গেছে, গতকাল সোমবার পরীক্ষার প্রথম দিনে রামদিয়া এসকে সরকারি কলেজ কেন্দ্রে ৭৯ শিক্ষার্থী ২০১৪ সালের সিলেবাস অনুযায়ী করা সৃজনশীল প্রশ্ন পত্রেই (বাংলা প্রথম পত্র) পরীক্ষা দেয়। পরে বিষয়টি জানাজানি হলে কেন্দ্রসচিব মো. জয়নদ্দিনসহ ছয়জন শিক্ষক আজিজ বিন খোরশেদ, পার্থ বিশ্বাস, সুজন মণ্ডল, ছবি রানী বিশ্বাস ও গুরুপদ হীরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে, একইভাবে সাতপাড় বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এতে ওই কেন্দ্রর সচিব মামুন বিশ্বাস ও হল সুপার দুলাল চন্দ্র মজুমদারকে অব্যাহতি দেওয়া হয়।
রামদিয়া এসকে সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী সিতারামপুর এমএইচ উচ্চবিদ্যালয়ের ছাত্রী সুমি খানম বলে, ‘ইচ্ছা আছে ভালো ফলাফল করব। কিন্তু প্রশ্ন কমন না পড়ায় এখন পাস করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। আমিসহ অন্য পরীক্ষার্থীরা কর্তব্যরত শিক্ষককে জানালেও বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বলেননি।’
এ ব্যাপারে রামদিয়া এসকে সরকারি কলেজ কেন্দ্রের সচিব মো. জয়নদ্দিনের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্রের ২৪১ ও ২৪২ নম্বর কক্ষে এ সমস্যা হয়েছে। প্রশ্নপত্র বাছাই করার সময় এ ঘটনাটি ঘটে যায়।
এ উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবসহ মোট আট শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইদুর রহমান বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এটি তাদের (বোর্ড) ভুল। যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সে ক্ষেত্রে ওই প্রশ্নের ভিত্তিতেই খাতা মূল্যায়ন করা হবে।’