পুরোহিত হত্যা মামলার পিপিকে জেএমবির হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জের মঠের পুরোহিত হত্যা মামলার সরকারি আইনজীবী ও জেলা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আমিনুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নামে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।
আমিনুর সাংবাদিকদের বলেন, আজ বিকেলে পঞ্চগড়ে আদালত পাড়ায় তাঁর কার্যালয়ে সরকারি ডাকযোগে ওই চিঠি আসে। চিঠিতে তাঁকে পৃথিবী থেকে চিরতরে বিদায় জানানোর হুমকি দেওয়া হয়। প্রেরকের নাম হিসেবে চিঠিতে জেএমবি লেখা ছিল। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আমিনুর বলেন, চিঠি পেয়ে তিনি ভীত নন। তিনি মামলা লড়ে যাবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম চিঠির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনার তদন্ত চলছে।