পুরোহিত হত্যার কারণ উদ্ঘাটনের দাবি পুলিশের
ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার কারণ উদ্ঘাটন করতে পারার দাবি করেছে পুলিশ। এ ব্যাপারে এই মুহূর্তে তারা কিছু বলতে না চাইলেও শিগগিরই হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজাহার আলী শেখ বলেন, পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। এখন হত্যাকারীদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তিনি আশা করেন, শিগগিরই হত্যাকারীরা গ্রেপ্তার হবে।
গত মঙ্গলবার সকাল নয়টার পর ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি সদর উপজেলার করাতিপাড়া গ্রামে। তিনি নলডাঙ্গা বাজারে একটি দুর্গামন্দিরের পুরোহিত ছিলেন। এ ছাড়া তিনি বাড়ি বাড়ি গিয়ে পূজা-অর্চনা করতেন। পুরোহিত হত্যার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের কথিত সংবাদ সংস্থা ‘আমাক’-এর বরাত দিয়ে এ তথ্য জানায় জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইন্টেলিজেন্স।