পুরোহিতের বাড়িতে অস্ত্রধারী, জিডি
বান্দরবান শহরের কেন্দ্রীয় দুর্গামন্দিরের পুরোহিত বাবুল চক্রবর্তীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার ধারালো অস্ত্রধারী এক ব্যক্তিকে দেখা গেছে। তাঁর পরিবার এ কথা জানিয়েছে। এ ঘটনায় বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
পুরোহিত বাবুল চক্রবর্তীর বাসা জেলা শহরের বনরূপা পাড়ায়। তাঁর পুত্রবধূ পপি চক্রবর্তী বলেন, ভোর সোয়া পাঁচটার দিকে তিনি ফুল তুলতে যাচ্ছিলেন। দরজায় এসে দেখেন মুখে গামছা বাঁধা এক ব্যক্তি। তার দুই হাতে দুটি ছুরি। এ সময় লোকটি ছুরি উঁচিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করে। তাঁর চিৎকারে লোকটি পালিয়ে যায়।
পুরোহিত বাবুল চক্রবর্তীর ছেলে রাহুল চক্রবর্তী বলেন, এ ঘটনার পর তাঁরা ভয়ের মধ্যে আছেন। থানায় জিডি করার পর পুলিশ তাঁদের নির্ভয়ে থাকার পরামর্শ দিয়েছে।
বাবুল চক্রবর্তী বলেন, তাঁর সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব-বিবাদ নেই।
কেন্দ্রীয় দুর্গামন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহিম উল্লাহ বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।