পুরো শরীরে ছুরিকাঘাত!
জয়পুরহাটের আক্কেলপুরে গুড় ব্যবসায়ী আফাজউদ্দিনকে (৪২) এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সঙ্গে থাকা সব টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের কেসের মোড়ে আক্কেলপুর-জয়পুরহাট সড়কে এই ঘটনা ঘটে। আফাজউদ্দিন এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আক্কেলপুর উপজেলার গ্রামে গ্রামে গুড় বিক্রি করতেন আফাজউদ্দিন। তাঁর বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক নাজমুল হক প্রথম আলোকে বলেন, আফাজউদ্দিনের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরেই ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর শরীরে ছোট-বড় মিলিয়ে ৩৪টি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।
আফাজউদ্দিন জানান, গতকাল বুধবার গুড় বিক্রি শেষে ভাণ্ডারিপাড়ার মজিরের বাড়িতে রাত্রি যাপন করেছিলেন। আজ ভোরে বাড়িতে যাওয়ার উদ্দেশে হেঁটে আক্কেলপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। কেসের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে চড়ে আসা তিনজন তাঁর গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা গুড় বিক্রির সাড়ে ছয় হাজার টাকা লুটে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের ভাষ্য, ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।