পুরোনো কায়দায় ১৪ দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ৩০ থেকে ৩৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল বাজারের ১৪টি দোকানে একযোগে হামলা চালিয়ে নগদ টাকাসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

পুলিশ ও ব্যবসায়ীরা বলেন, উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে যমুনা নদীর পাড়ে নাকালিয়া বাজারে গত রোববার রাত ১২টার দিকে দুটি স্পিডবোটে করে ৩০ থেকে ৩৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা সেখানে গিয়ে প্রথমে বাজারের ৪ জন পাহারাদারকে বেঁধে ফেলে। এরপর তারা বাজারের বিভিন্ন দোকানে থাকা ব্যবসায়ী, নদীর পাড়ের খড় ব্যবসায়ীসহ ৩০ থেকে ৩৫ জনকে মারধর করে নদীর পাড়ে নিয়ে বেঁধে ফেলে রাখে।

এরপর ডাকাতেরা ভাগ হয়ে দোকানে লুটপাট শুরু করে। দোকানগুলোর মধ্যে রয়েছে ১০টি মনিহারি, তিনটি সোনার ও একটি গোখাদ্য বিক্রির। দোকানগুলো থেকে ডাকাতেরা টাকাসহ সাড়ে ৭ লাখ টাকার বেশি মালামাল লুটে নেয়। রাত পৌনে দুইটার দিকে খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশের গাড়ির শব্দ পেয়েই ডাকাতেরা স্পিডবোটে করে পালিয়ে যায়।

বাজারের ব্যবসায়ী সুকুমার কুণ্ডু বলেন, তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। রাত একটার পর ডাকাতেরা শাবল দিয়ে তাঁর দোকানঘর ভাঙা শুরু করে। ডাকাতেরা দোকানে ঢুকে তাঁকে মারপিট করে দোকানের ক্যাশবাক্সে থাকা ২২ হাজার টাকা নিয়ে নেয়। এরপর তাঁকে যমুনাপাড়ে নিয়ে একটি খড়ের গাদার পাশে হাত-পা বেঁধে ফেলে রাখে। সেখানে গিয়ে দেখেন তাঁর মতো আরও ৩০-৩৫ জন আছেন।

স্বর্ণ ব্যবসায়ী সুমন কর্মকার বলেন, বছর তিনেক আগে তাঁদের দোকান থেকে ডাকাতেরা ২০০ ভরি সোনা, ৩০০ ভরি রুপা ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা লুট করে। ওই ঘটনার পর থেকে তাঁদের পরিবার প্রায় নিঃস্ব হয়ে পড়ে। এবারও তাঁদের দোকান থেকে ডাকাতেরা ৩৪ হাজার টাকার সোনা ও রুপা নিয়ে গেছে।

বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ২০১৪ সালের ২ মার্চ ২৫ থেকে ৩০ জনের একদল ডাকাত একই কায়দায় নদীপথে এসে ডাকাতি করেছিল। ওই সময় ডাকাতেরা ৩০০ ভরি সোনাসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়েছিল। ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বরং পুলিশ অভিযোগকারী কয়েকজন ব্যবসায়ীকে হয়রানি করেছিল। এ কারণে এবারের ডাকাতির ঘটনায় ব্যবসায়ীরা থানায় মামলা করার সাহস পাচ্ছেন না। এ ছাড়া গতবারের ডাকাতির পর থেকে তাঁরা নাকালিয়া বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এ বিষয়েও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

নাকালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, আগের অভিজ্ঞতার কারণে মামলা করার ব্যাপারে ব্যবসায়ীদের আগ্রহ কম। তারপরও তাঁরা থানায় অভিযোগ দায়েরের জন্য যাবেন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ডাকাতির ঘটনা শোনামাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ দেখে নৌপথে ডাকাতেরা পালিয়ে যায়। এরপরও ডাকাতদের ধরার চেষ্টা চলছে। তিনি থানায় নতুন যোগ দিয়েছেন। আগের ডাকাতির ঘটনায় অভিযোগকারী বা ব্যবসায়ী কাউকে হয়রানি করার বিষয় তাঁর জানা নেই।