পুরোহিত সম্পর্কে কটূক্তি করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে শিবশক্তি মিশনের ব্রহ্মচারী সত্যানন্দের বিরুদ্ধে ফেসবুকে সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্মণ সমাজ ও পুরোহিত সম্পর্কে কটূক্তি করার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে ৭২ ঘণ্টার মধ্যে ওই ব্রহ্মচারীকে শেরপুর থেকে বিতাড়নের দাবি জানিয়েছে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ। অন্যথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা বর্জনের হুমকিও দিয়েছেন ব্রাহ্মণ পুরোহিতেরা। গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত জেলা শহরের আড়াইআনী গোপালবাড়ী মন্দিরে অবস্থিত জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুরোহিত কল্যাণ পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রবীর কুমার চৌধুরী শেরপুর শহরের রঘুনাথ বাজার এলাকার বি পি প্লাজায় অবস্থিত একটি বাসভবনে নিজেকে শিবশক্তি মিশনের ব্রহ্মচারী সত্যানন্দ হিসেবে পরিচয় দিয়ে সনাতন ধর্ম প্রচার শুরু করেন। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর সত্যানন্দ ফেসবুকের মাধ্যমে ব্রাহ্মণ সমাজ ও পুরোহিত, ইস্কন, বৈষ্ণব ধর্মাবলম্বীসহ সনাতন ধর্মের বিভিন্ন পূজা অর্চনা ও আচার অনুষ্ঠান নিয়ে কটূক্তি করেন।
এ বিষয়ে সত্যানন্দের সঙ্গে গত বৃহস্পতিবার যোগাযোগ করা হলে তিনি ফেসবুকে ‘স্ট্যাটাস’ দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।