রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পুলিশ বা আনসারের সদস্য,কাউকেই পরোয়া করছে না রোগী ধরা দালালেরা। কয়েক দিন থাকলেই আনসার বাহিনীর সদস্যদের আর গা করে না দালালেরা। এ জন্য তাদের ঘনঘন বদলি করা হয়। এমনকি পুলিশের পুরো সেট ধরে প্রতি মাসে বদল করতে হয়। এই খেদোক্তি স্বয়ং হাসপাতালের পরিচালকের।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম বলেন, তিনি বহির্বিভাগে গেলেই দালালেরা পালিয়ে যায়। কিন্তু তাদের ঠেকানোর জন্য হাসপাতালে আনসারের ২৫ জন সদস্য রয়েছেন। পালাক্রমে তাঁরা সাতজন করে দায়িত্ব পালন করেন। কয়েক দিন থাকলেই দালালেরা তাঁদের আর পরোয়া করে না। অবশ্য আনসারের সদস্যরা তাঁর কাছে বলেছেন, দালালদের হুমকির কারণেই তাঁরা কিছু বলতে পারেন না। পরিচালক আরও বলেন, ব্যর্থতার কারণে গত শনিবারও ছয়জন আনসার সদস্যকে বদল করা হয়েছে। হাসপাতালে পুলিশের ১০ সদস্যের একটি দল রয়েছে। তাদেরও এক মাস পরপর পুরো সেট ধরে বদল করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ দিনে হাসপাতালের বহির্বিভাগ থেকে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। গত শনিবারও এক দালালকে আটক করা হয়েছে। তাঁর নাম মঞ্জুরুল ইসলাম (৪৫)। তবে এই দালালকে পুলিশ বা আনসারের কোনো সদস্য আটক করেননি। রোগীর অভিভাবকেরা তাঁকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
হাসপাতালের পুলিশ বক্সে ১ মে থেকে দায়িত্ব পালন করছেন উপরিদর্শক এনামুল হক। তিনি বলেন, তিনি আসার পর কোনো দালালকে ছাড় দেননি। সব মিলিয়ে চলতি মাসে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। আটক দালালদের নামে পরিচালক বাদী হয়ে কোনো মামলা করেন না। রাজশাহী মহানগর পুলিশ অধ্যাদেশে চালান দিতে হয়। এ জন্য তারা সহজেই আদালত থেকে জামিন নিয়ে এসে আবার একই কাজ শুরু করে।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন বলেন, গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাঁর এক আত্মীয় এই হাসপাতালে এসেছিলেন। হাসপাতালের প্রধান ফটকের কাছে আসতেই প্যান্ট পরা এক ভদ্রলোক ওই রোগীর কাছে এসে জানতে চান, কোন চিকিৎসককে দেখাবেন? নাম বলতেই তিনি বলেন, ‘তাঁর চেয়ে বড় একজন চিকিৎসক আছেন। এই রিকশায় ওঠেন আপনাকে নিয়ে যাই।’
রোগীকে কোনো আপত্তি করার সুযোগ না দিয়েই তিনি একটি বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে তাঁকে নিয়ে যান। সঙ্গে সঙ্গে সেখানে একজন চিকিৎসককে দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা বাবদ ৩ হাজার ৩০০ টাকা নিয়ে নেওয়া হয়। সালাউদ্দিন জানান, খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে তারা ৯০০ টাকা ফেরত দেয়।