পুলিশ আসামিদের ধরছে না, বাদী এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে উত্ত্যক্ত করা ও দোকান পোড়ানো মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। উপরন্তু আসামিরা মামলার বাদীকে হুমকি দেওয়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে অন্যত্র চলে গেছেন।
কাজীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক ও নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক অভিযোগ করে বলেন, ‘উত্ত্যক্ত করা ও দোকান পোড়ানোর মামলার প্রায় দুই সপ্তাহ পার হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আসামিরা একসঙ্গে চলাফেরা করছেন, চা খাচ্ছেন অথচ তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না। উপরন্তু আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন আসামিরা। নিরাপত্তাহীন হয়ে আমরা অন্য জেলায় আশ্রয় নিয়েছি। আসামিরা মামলা তুলে নেওয়ার জন্যও হুমকি দিচ্ছেন। উত্ত্যক্ত করা মামলার প্রধান আসামি আলী আকবর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ কেন্দ্রে গত শুক্রবার ডিগ্রি পরীক্ষা দিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরেও অজ্ঞাত কারণে তাঁকে গ্রেপ্তার করেনি পুলিশ।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দুলাল হোসেন বলেন, দুই দিন ঘটনাস্থলে গিয়ে কোনো আসামিকে পাওয়া যায়নি। তাঁদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আসামিরা পলাতক থাকায় তাঁদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের সঙ্গে আসামিদের কোনো সখ্য নেই।
গত ২৬ আগস্ট দুপুর ১২টার দিকে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় আলী আকবর নামের এক যুবক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এর প্রতিবাদ করায় পরদিন আলী আকবর দলবল নিয়ে ওই ছাত্রীর মামার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে পুড়িয়ে দেন। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে আলী আকবরসহ চারজনকে আসামি করে উত্ত্যক্ত মামলা এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক বাদী হয়ে ১৭ জনকে আসামি করে দোকান পোড়ানো মামলা করেন।