পুলিশ ও নিজের গায়ে আগুন দেওয়ার চেষ্টা চা-দোকানির
এক পুলিশ ও নিজের গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে কিরণ নামের একজন চা-দোকানির বিরুদ্ধে। গতকাল বুধবার দুপুরে শাহবাগের ছবির হাটের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে।
শাহবাগ থানার পুলিশ
জানায়, অমর একুশে বইমেলার নিরাপত্তাজনিত কারণে গোটা শাহবাগ এলাকার ফুটপাতে সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গতকাল বুধবার দুপুরে কিরণ নামের এক চা-বিক্রেতা দোকান খুলে চা বিক্রি শুরু করেন। সেখানে কর্তব্যরত এক পুলিশ সদস্য তাঁকে বাধা দেন। এতে কিরণ উত্তেজিত হয়ে পুলিশ সদস্যের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় মোটরসাইকেলে বইমেলার দিকে যাচ্ছিলেন শাহবাগ থানার এক পুলিশ কর্মকর্তা। তিনি উত্তপ্ত পরিস্থিতি দেখে ঘটনাস্থলে আসেন। কিরণকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কিরণ তা বুঝতে চাচ্ছিলেন না। একপর্যায়ে কিরণ উত্তেজিত হয়ে তাঁর কাছে থাকা কেরোসিনের পাত্র খুলে নিজের ও পুলিশের গায়ে ছিটিয়ে দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা তাঁকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।