রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার কারণ সম্পর্কে গতকাল বুধবার পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশের ধারণা, খুনিরা পূর্বপরিচিত। একই ধারণা স্বজনদেরও। স্বজনদের ধারণা, টাকা ও মালামাল লুট করতেই এ হত্যাকাণ্ড।
এই জোড়া খুনের ঘটনায় গতকাল যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহত গৃহকর্ত্রী রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন। এজাহারের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা যাত্রাবাড়ীর কলাপট্টির বাড়িতে ঢুকে রওশন আরা (৬৫) ও তাঁর গৃহকর্মী মোসাম্মৎ কল্পনাকে (১২) গলা কেটে হত্যা করে। রওশন আরার স্বামী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদ্দুস। এজাহারে হত্যার কারণ উল্লেখ করা হয়নি।
স্বজনেরা জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে রওশন আরার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে তাঁর এক ছেলে আরিফুজ্জামান ও এক মেয়ে রুবি দেশে ফিরবেন। তাঁরা আসার পর রওশন আরার মরদেহ গ্রামের বাড়ি ঢাকার দোহারে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। কল্পনার মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।
রওশন আরার ছোট ভাই মোয়াজ্জেম হোসেন জানান, টাকা ও মালামাল লুট করতেই তাঁর বোন ও গৃহকর্মীকে খুন করা হয়ে থাকতে পারে। বাসা থেকে শুধু ল্যাপটপ ও মোবাইল ফোন খোয়া গেছে। বাসায় আট-দশ ভরি স্বর্ণালংকার ছিল। এগুলো খোয়া যায়নি। তবে বাসার সবকিছু ছিল লন্ডভন্ড। মনে হচ্ছে, হত্যাকারীরা পূর্বপরিচিত। রওশন আরার বাড়ি নিয়ে কারও সঙ্গে কখনো বিরোধ ছিল না, এখনো নেই।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ প্রথম আলোকে জানান, পরিচিতজনেরা খুনের ঘটনা ঘটিয়েছে। হত্যাকারীরা শনাক্ত হয়েছে। যেকোনো সময় খুনিরা ধরা পড়বে।