পুলিশ ও যুবলীগ নেতার হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাঘারপাড়া চৌধুরীবাড়ি এলাকায় যুবলীগের এক নেতার সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানের মতো কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। গতকাল কালীগঞ্জ থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) চন্দন দের নেতৃত্বে চৌধুরীবাড়ি এলাকায় একটি তল্লাশিচৌকি বসানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে ওই পথে কালীগঞ্জ পৌর যুবলীগের সহসভাপতি নূর আলম মোটরসাইকেল নিয়ে তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ওই স্থানে পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম তাঁকে থামার সংকেত দেন। কিন্তু নূর আলম মোটরসাইকেল না থামিয়ে চলে যেতে থাকেন। তখন ওই পুলিশ সদস্য তাঁর হাতে থাকা লাঠি ছুড়ে মারেন। এতে নূর আলম মোটরসাইকেল থামিয়ে নেমে এসে পুলিশ সদস্য রফিকুলকে মারতে উদ্যত হন। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের অন্য সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সদস্যরা নূর আলমসহ তাঁর মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে ঘটনাটি নূর আলমের দলীয় নেতা-কর্মীরা জানতে পেরে তাঁরা থানায় চলে আসেন। সেখানে থানার ওসি মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়।
নূর আলম বলেন, ওই পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেনি। তবে বাগ্বিতণ্ডা হয়েছে। মোটরসাইকেলের কাগজপত্র দেখিয়ে তিনি গাড়ি নিয়ে যান।
ওসি মুস্তাফিজুর রহমান বলেন, সেখানে হাতাহাতির ঘটনা ঘটেনি। তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। পরে নূর আলম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে বিষয়টি মীমাংসা করা হয়।