পুলিশ ও র্যাবের সোর্সকে হত্যা তিনজন গ্রেপ্তার
রাজধানীর শাহ আলী থানা এলাকায় মো. জসিম (৩৫) নামের পুলিশ ও র্যাবের এক সোর্সকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ শাহ আলী থানার গুদারাঘাট বালুর মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শাহ আলী থানার পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সকাল আটটার দিকে বালুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে, তাঁদের গলা কেটে হত্যা করা হয়েছে। বালুর মাঠ থেকে অদূরে এক বাসায় পরিবার নিয়ে থাকতেন জসিম। শুক্রবার সকালে বাসা থেকে বেরিয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরে সকালে বালুর মাঠে তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল প্রথম আলোকে বলেন, জসিম পুলিশ ও র্যাবের সোর্স ছিলেন। তাঁর সঙ্গে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের শত্রুতা ছিল। কারণ, তিনি বেশ কয়েকবার এলাকার কিছু মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণে কেউ তাঁকে হত্যা করেছে।
ওসি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছে। তা মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। মামলায় সন্দেহভাজন নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে আলমগীর, বাবু ও মহিন নামের এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তাঁদের নিয়ে ঘটনার সঙ্গে সন্দেহভাজন জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
যুবকের লাশ উদ্ধার: রাজধানীর বাড্ডা এলাকা থেকে গতকাল শনিবার ভোর ছয়টার দিকে মাইদুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।