পুলিশ ও স্টেশনমাস্টারের অর্ধশত অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের নির্ধারিত বিভাগের মাধ্যমে স্টেশনের প্ল্যাটফর্মে লাইসেন্স প্রদান করে দোকান বরাদ্দ দেওয়ার বিধান থাকলেও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে স্টেশনমাস্টার ও জিআরপি পুলিশের বিরুদ্ধে প্রায় অর্ধশত দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মাসিক টাকা লেনদেন চুক্তির মাধ্যেমে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় ৫০টি অবৈধ চা, পান, বিড়ি ও পুরোনো কাপড়ের দোকান রয়েছে।
স্টেশন কর্তৃপক্ষ সূত্র জানায়, সান্তাহার জংশন স্টেশনের প্ল্যাটফর্মে বর্তমানে বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত দোকানের সংখ্যা ১৪টি। এর মধ্যে স্ন্যাকসবার নয়টি এবং সিগারেটের দোকান পাঁচটি। রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক বিভাগ স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় দোকানের লাইসেন্স দিয়ে থাকে। বৈধ দোকান মালিকেরা তাঁদের অভিযোগে জানিয়েছেন, স্টেশনের প্ল্যাটফর্মে একের পর এক অবৈধ দোকান গড়ে ওঠায় তাঁরা ব্যবসায়িকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
স্ন্যাকসবারের মালিক আবুল হোসেন বলেন, তাঁর দোকানের আশপাশে অসংখ্য চায়ের দোকান গড়ে ওঠায় স্ন্যাকসবারের বিক্রি কমে গেছে। এ বিষয়ে পুলিশ ও স্টেশনমাস্টারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। সান্তাহার শহরের চা-বাগান এলাকার বাসিন্দা ময়েন উদ্দীন বলেন, সান্তাহার স্টেশন একসময় ঝকঝকে তকতকে ছিল। কিন্তু বর্তমানে সেখানে ব্যাঙের ছাতার মতো অবৈধ দোকান গড়ে ওঠায় স্টেশনটি বস্তিতে পরিণত হয়েছে। স্টেশনের পাশের দোকানদার মাসুদ রানা বলেন, বর্তমানে স্টেশনের ওই সব দোকানে নানা ধরনের মাদক কেনাবেচা হয় বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্ল্যাটফর্মের এক পানের দোকানদার জানান, প্রতিদিন প্রতিটি দোকানদারকে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্টেশনমাস্টারকে ৩০ থেকে ৫০ টাকা করে দিতে হয়।
সান্তাহার জংশন স্টেশনের স্টেশনমাস্টার নিজাম উদ্দীন কোনো দোকানির কাছে থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, সরকারি দলের লোকজনের মদদে এসব দোকান চলে। অবৈধ দোকান উচ্ছেদের বিষয়ে জিআরপি থানায় চিঠি দিলেও পুলিশ গুরুত্ব দেয় না।
এ বিষয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালন আহম্মেদ মুঠোফোনে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং এ বিষয়ে সান্তাহার জিআরপি থানাকে নির্দেশ দেওয়া হবে।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বলেন, তিনি এ থানায় যোগদানের অনেক আগে থেকে অবৈধ দোকান রয়েছে। অবিলম্বে স্টেশন এলাকা থেকে সব অবৈধ দোকান উচ্ছেদ করার ব্যবস্থা নেওয়া হবে।