পুলিশ কনস্টেবল রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কাঁদানে গ্যাস গ্রেনেড বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজারবাগ পুলিশ লাইনসের কনস্টেবল মনিরুজ্জামান ওরফে কাজলকে (৩০) গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রমনা থানায় হওয়া মামলায় রাজারবাগ পুলিশ লাইনস থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে মনিরুজ্জামান স্বীকার করেছেন, তিনি একটি কাঁদানে গ্যাস গ্রেনেড রাজারবাগ অস্ত্রাগারে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানার জন্য মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (ডিবি-এসআই) মো. মিজানুর রহমানের করা বিস্ফোরক উপাদানাবলি আইনের মামলায় রাজারবাগ পুলিশ লাইনসের স্পেশাল আর্মস ফোর্সের (এসএএফ) কনস্টেবল মনিরুজ্জামান, তাঁর ঘনিষ্ঠ মেহেদী হাসান ওরফে জুয়েল (৩১) ও তৌহিদুল ইসলামকে (২৮) আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
৯ আগস্ট কাঁদানে গ্যাস গ্রেনেড বিক্রির অভিযোগ ওঠার পর মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন থেকে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনসে আটক রাখা হয়েছিল। গতকাল সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি মেহেদী ও তৌহিদুলকে ৯ আগস্ট নয়াটোলা থেকে কাঁদানে গ্যাস গ্রেনেডসহ আটক করে র্যাব-৩-এর একটি দল। এরপর তাঁদের ডিবি পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে আছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, মনিরুজ্জামান আড়াই মাস আগে সাঁজোয়া যানে মহানগরে আইনশৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় ছিলেন। উদ্ধার হওয়া কাঁদানে গ্যাস গ্রেনেডটি বিস্ফোরিত হয়েছে কিংবা ব্যবহার করা হয়েছে বলে রাজারবাগ পুলিশ লাইনসের অস্ত্রাগারে হিসাব জমা দেন তিনি। আসলে তিনি অসৎ উদ্দেশ্যে গ্রেনেডটি নিজের কাছে রাখেন। পরে তিনি তাঁর পূর্বপরিচতি মেহেদী ও তৌহিদুলের কাছে অবৈধভাবে সেটি হস্তান্তর করেন। মেহেদী ও তৌহিদুল সেটি নিয়ে বিক্রি করতে কিংবা অসৎ উদ্দেশ্যে নয়াটোলায় গেলে র্যাব-৩-এর একটি দলের কাছে ধরা পড়েন।
ডিবির উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, মামলার অপর দুই আসামি মেহেদী ও তৌহিদকে ১০ দিনের রিমান্ডের জন্য মুখ্য মহানগর হাকিমের কাছে আবেদন করা হয়েছে। আজ রোববার শুনানির দিন ধার্য রয়েছে।