পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার
শেরপুরে রাকিবুল হাসান (২০) নামের এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে শেরপুর জেলা পুলিশ লাইনসের অদূরে পৌর শহরের বাটারা এলাকার রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে সদর থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত রাকিবুল টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি শেরপুর জেলা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত দুইটা থেকে পুলিশ লাইনসে রাকিবুল হাসানের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু এর আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সোমবার সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন বাটারা এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। সংবাদ পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিবুলের লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত রাকিবুলের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তাঁর বুকের ওপর থেকে পায়ের নিচ পর্যন্ত অ্যাসিডে ঝলসানো ছিল। কেন এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।’
পুলিশ কনস্টেবল নিহত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক আক্কাস উদ্দিন ভূঁইয়া, পুলিশ সুপার মো. মেহেদুল করিম ও র্যাব-১৪-এর (জামালপুর-শেরপুর) কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন সিকদার বলেন, কনস্টেবল রাকিবুল হাসান ২০১৫ সালের ১২ নভেম্বর পুলিশের চাকরিতে যোগ দেন। শেরপুর জেলা পুলিশ লাইনস ছিল তাঁর প্রথম কর্মস্থল। তিনি অবিবাহিত ছিলেন।