পুলিশ কনস্টেবলের স্ত্রী-কন্যার রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা-পুলিশের কনস্টেবল পরিমল চন্দ্রের স্ত্রী ও শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের বামনজল এলাকার ভাড়া বাসা থেকে তাঁদের লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

পরিমল চন্দ্রের স্ত্রী কৃষ্ণা রাণী (২৬) ও দেড় বছর বয়সী মেয়ে অর্পিতা রাণী।

সুন্দরগঞ্জ থানা-পুলিশের ভাষ্য, ২০১৪ সালের জুন থেকে সুন্দরগঞ্জ থানায় কর্মরত আছেন পরিমল। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায়। স্ত্রীর বাড়ি ঠাকুরগাঁও জেলা সদরে। পরিবার নিয়ে বামনজল এলাকায় ভাড়া বাসা থাকতেন তিনি।

পরিমলের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে স্ত্রী-মেয়েকে নিয়ে ঘুমানোর পর আজ ভোরে ঘুম থেকে উঠে পরিমল তাঁর মেয়েকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখানে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন আসে। তাঁরা ঘরের বাইরের দিকে অবস্থিত রান্নাঘরের ভেতরে কৃষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পান।

সকাল ১০টার দিকে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কনস্টেবল পরিমলের ভাষ্য, কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তার কিছুই বুঝতে পারছেন না তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।