ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তাকে তলব
ঢাকা মহানগরের পুলিশ কমিশনারসহ (ডিএমপি) পুলিশের তিন কর্মকর্তাকে ১০ সেপ্টেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অপর দুই কর্মকর্তা হলেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আদালতে মূল আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আসাদ উল্লা ও রেজিনা মাহমুদ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী কে এস সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে আইনজীবী আসাদ উল্লা প্রথম আলোকে বলেন, আজিমপুর পুরাতন কবরস্থানের সীমানাপ্রাচীর আগের জায়গায় পুনর্নির্মাণ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে করপোরেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত বছরের ১ আগস্ট এ কাজে পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেন। এ ব্যাপারে পুলিশের সহযোগিতা পাচ্ছে না বলে পরবর্তী সময় আদালতে আবেদন করে ডিসিসি। শুনানি নিয়ে ডিএমপি কমিশনারসহ তিন কর্মকর্তাকে ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।
কবরস্থানের পশ্চিমাংশের ওপর দিয়ে রাস্তা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে ওই স্থানে সমাহিত ব্যক্তিদের একজনের সন্তান এ কে এম কাজী জাকির হোসেনসহ দুই ব্যক্তি ২০১২ সালের ১০ নভেম্বর একটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের নভেম্বরে আদালত রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবী সূত্র জানায়, শুনানির পর আগের জায়গায় সীমানাপ্রাচীর পুনর্নির্মাণ করতে নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার অভিযোগ এনে একটি আবেদন করে রিটকারী পক্ষ। এর পরিপ্রেক্ষিতে ডিসিসির প্রতি আদালত অবমাননার রুল হয়। ২০১৩ সালের ১ আগস্ট এক আদেশে সীমানাপ্রাচীর পুনর্নির্মাণে পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করতে মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।