পুলিশ কর্মকর্তাকে যুবলীগ নেতার চড়, অতঃপর...!
মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাদানুবাদের একপর্যায়ে পুলিশের এক কর্মকর্তাকে স্থানীয় এক যুবলীগ নেতা চড় মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে চলে যান যুবলীগের ওই নেতা। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তারে বাড়িতে অভিযান চালায়। যুবলীগ নেতার অভিযোগ, তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে পুলিশ বাড়িতে ঢুকে পড়ে। পরে তাঁর শিশু সন্তানের মাথায়ও পিস্তল ঠেকায়।
অভিযোগ ওঠা যুবলীগ নেতার নাম এ এস এম মিঠু। তিনি বাঘা উপজেলা যুবলীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সদস্য। বাঘা পৌর এলাকার নারায়ণপুর মহল্লায় তাঁর বাড়ি। পুলিশ কর্মকর্তার নাম ইউসুফ আলী। তিনি বাঘা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
প্রথম আলোকে দেওয়া যুবলীগ নেতা মিঠুর ভাষ্য, আজ সকালে তিনি স্কুল থেকে তাঁর বাচ্চাকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে আরও এক বাচ্চা ছিল। নারায়ণপুর বাজার পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে তাঁর (মিঠুর) মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের মালিক ক্ষিপ্ত হয়ে তাঁকে মারতে উদ্যত হলে তিনি তাঁর গালে চড় বসিয়ে দেন।
মিঠু বলেন, পরে ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন। তাঁর সঙ্গে ছিলেন আরেক লোক। তাঁর কোমরে আগ্নেয়াস্ত্র ছিল। দুজনই ছিলেন সাদা পোশাকে। বাদানুবাদের একপর্যায়ে সঙ্গে থাকা লোকটি তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তারপর তিনি বাসায় চলে আসেন।
মিঠু অভিযোগ করেন, এ ঘটনার আধঘণ্টা পর তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। তবে পুলিশ তাঁর ছেলের মাথায় পিস্তল ঠেকিয়েছে। এতে এখনো তাঁর ছেলে ভয়ে কেঁপে উঠছে। মিঠু বলেন, এ ঘটনা নিয়ে মীমাংসার বিষয়ে কথা চলছে। তবে মীমাংসা না হলে তিনি পুলিশের বিরুদ্ধে মামলা করবেন।
এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, মোটরসাইকেলে সামান্য ধাক্কা লাগা নিয়ে দুজনের মধ্যে একটু কথা-কাটাকাটি হয়েছে।
বাড়িতে পুলিশের অভিযান ও শিশু সন্তানের মাথায় পিস্তল ঠেকানোর অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, কী হয়েছে, তা জানার জন্য তিনি একজন কর্মকর্তা পাঠিয়েছিলেন।