পুলিশ কর্মকর্তাদের হুমকি, সাবেক কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের কর্মকর্তাদের মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকা থেকে গত বৃহস্পতিবার সকালে মেহেদী হাসান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল ছিলেন। ১৯৯৯ সালে তাঁকে চাকরিচ্যুত করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, ১৮ সেপ্টেম্বর ০১৭৫৫৯৪৭২২০ মুঠোফোন নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। ফোন ধরার পর মেহেদী তাঁকে অকথ্য ভাষায় গালাগালসহ হুমকি-ধমকি দেন। পরদিন ১৯ সেপ্টেম্বর একই মুঠোফোন থেকে তাঁকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়।
পুলিশ সুপার আরও জানান, ঢাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত উপমহাপুলিশ পরিদর্শক (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালাকেও একই মুঠোফোন নম্বর থেকে হুমকি-ধমকি দেওয়া হয়। এ ছাড়া সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান, পাটকেলঘাটা থানার ওসি মামুনুর রশিদ ও কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিমকেও গালিগালাজসহ হুমকি দেওয়া হয়। ১৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব হুমকি দেওয়া হয়।
মেহেদীর সঙ্গে সাতক্ষীরা থানায় কথা বলতে চাইলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে কথা বলেননি।