পুলিশ কর্মকর্তার পিস্তলের গুলিতে এক নারী গুলিবিদ্ধ
জয়পুরহাটের পাঁচবিবি থানার পুলিশের এক কর্মকর্তার পিস্তলের গুলিতে গতকাল বুধবার এক নারী (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাঁচবিবি থানার পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গতকাল বিকেলে থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান উপজেলার উত্তরপাড়া গ্রামের শামীম হোসেনের বাড়িতে দাওয়াত খেতে যান। সেখানে শামীমের প্রতিবেশী ওই নারী উপস্থিত ছিলেন। হঠাৎ গুলির শব্দ শুনে সেখানে ছুটে যান আশপাশের লোকজন। তাঁরা সেখানে ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। শামীম দ্রুত আহত নারীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইদুর রহমান জানান, ওই নারীর বুকের ডান পাশে গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, ওই বাড়িতে ঈদের দাওয়াত খেতে যান এসআই অহিদুজ্জামান। সেখানে ওই নারীও ছিলেন। অহিদুজ্জামানের অজান্তে ওই নারী পিস্তলটি নাড়াচাড়া করছিলেন। এ সময় মিস ফায়ারে তিনি গুলিবিদ্ধ হন। এটি দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধারের পর পিস্তলটি জব্দ করেছে।
এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও এসআই অহিদুজ্জামানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক জানান, ঘটনা তদন্তে এএসপি (সার্কেল) বিমান চন্দ্রকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।