পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানের বিরুদ্ধে সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন আলীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও থাপ্পড় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে গতকাল বুধবার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
স্মারকলিপিতে বলা হয়, রানীহাটি ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন আলীকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব গত শনিবার বেলা ১১টার দিকে মুঠোফোনে কৃষ্ণগোবিন্দপুর কলেজের মাঠে ডাকেন। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার হঠাৎ উত্তেজিত হয়ে অন্যায়ভাবে চেয়ারম্যানকে থাপ্পড় দেখান। প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটায় মহসিন লজ্জিত হয়ে প্রতিবাদ না করেই স্থান ত্যাগ করেন। স্মারকলিপিতে বিভিন্ন উপজেলার ১৫ জন ইউপি চেয়ারম্যান স্বাক্ষর করেন। এর অনুলিপি পুলিশের মহাপরিদর্শক, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ও জেলা প্রশাসককেও দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব বলেন, ‘শনিবার দিনের বেলায় কৃষ্ণগোবিন্দপুর কলেজ এলাকায় অভিযানে একটি বাড়ি থেকে অস্ত্র, মাদকসহ আটক হওয়া একজন আসামিকে ছেড়ে দেওয়ার দাবি জানালে স্বভাবতই আমি উত্তেজিত হয়ে পড়ি। এর প্রতিবাদ জানিয়ে রুঢ়কণ্ঠেই বলি, আপনি একজন জনপ্রতিনিধি হয়ে এ অন্যায় আবদার কীভাবে করেন? এর বেশি কিছু ঘটেনি।’