পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক নারীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের একজন পরিদর্শকের বিরুদ্ধে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ করেছেন এক নারী। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তবে ওই পুলিশ কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁকে ফাঁসাতে এসব বলা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, কয়েক বছর আগে মোহাম্মদপুরে তাঁদের গাড়ি দুর্ঘটনায় পড়লে তিনি থানায় যান। ওই ঘটনার পর তাঁরা তাঁদের গাড়িচালককে চাকরি থেকে বাদ দিলে চালক তাঁদের হুমকি দিতে থাকেন। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় গেলে সেখানে তখন কর্মরত ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ওই পুলিশ কর্মকর্তা তাঁদের বাসায় আসতে থাকেন। একসময় জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।
ওই নারী অভিযোগ করেন, তাঁরা ওই এলাকা ছেড়ে এলেও পুলিশ কর্মকর্তা তাঁর পিছু ছাড়েননি। তাঁর পেছনে লোক লাগিয়ে রাখেন, যাতে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে না পারেন। এ নিয়ে তিনি থানায় জিডি করেন। আদালতে নালিশি মামলাও করেন। একটি মানবাধিকার সংস্থার কাছে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগও করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে বর্তমানে ঢাকার বাইরে কর্মরত ওই পুলিশ কর্মকর্তা বলেন, তাঁর সঙ্গে ওই নারীর পরিচয় ছিল। তবে এ ধরনের অভিযোগ সত্য নয়। ওই নারী তাঁকে ফাঁসানোর জন্য এসব বলছেন।