পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দখল-দূষণে মরে যাচ্ছে জিয়া সড়কের খাল। ময়লা-আবর্জনায় ছেয়ে গেছে খালের প্রায় দুই কিলোমিটার এলাকা। দুই পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে খাল সরু হয়ে গেছে। এর মধ্যে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে খালের কিছু অংশ দখলের অভিযোগ পাওয়া গেছে।
৪ ফেব্রুয়ারি সরেজমিনে দেখা গেছে, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে ময়লা-আবর্জনার স্তূপের কারণে খালটি নালায় রূপ নিয়েছে। নথুল্লাবাদ থেকে লোহার পুল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় খালের মধ্যে স্তম্ভ (পিলার) দিয়ে দুই পাড়ে নির্মাণ করা হয়েছে অনেক স্থাপনা। এর মধ্যে জিয়া সড়ক এলাকায় বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম মাহবুব আলমের নির্মাণাধীন কয়েকটি দোকানও রয়েছে। খালের মধ্যে পিলার দিয়ে তিনি এসব দোকান নির্মাণের উদ্যোগ নেন। প্রায় ১৫ দিন আগে সিটি করপোরেশন এতে বাধা দেয়। বর্তমানে নির্মাণকাজ বন্ধ আছে।
তবে খাল দখলের অভিযোগ অস্বীকার করে মাহবুব আলম প্রথম আলোকে বলেন, জিয়া সড়কের পাশে ক্রয় সূত্রে তাঁর ৬ শতাংশ জায়গা আছে। এর কিছু অংশ ওই খালের মধ্যে পড়েছে। এ জন্যই তিনি রাস্তার পাশে দোকান নির্মাণ করছিলেন।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার বলেন, খালের পাশের জায়গা কোনো ব্যক্তির হতে পারে না। খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণ শুরু করা হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, স্থাপনা নির্মাণ করতে হলে খালের সীমানার পর দুই ফুট ও রাস্তার পর তিন ফুট জায়গা ফাঁকা রাখতে হবে। সেই নিয়ম মানা হয়নি।
লোহার পুল এলাকার বাসিন্দা আবদুল মান্নান ফকির বলেন, ঐতিহ্যবাহী এই খাল দিয়ে একসময় বানারীপাড়া, স্বরূপকাঠি উপজেলা ও আটঘর কুড়িয়ানা থেকে নৌকা বোঝাই করে চাল, ডালসহ অন্য জিনিসপত্র বরিশাল নগরে আসত। প্রায় ১০ মাইলের খালটির বরিশাল অংশ দখল আর ভরাট হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে।
২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা মো. আমিরুল হক (৭৫) বলেন, একসময় এই খালে লঞ্চ চলাচল করত। একদিকে জেলা খাল হয়ে কীর্তনখোলা অন্যদিকে কালিজিরা নদীর সঙ্গে যুক্ত ছিল। এখন ভরাট, ময়লা-আবর্জনায় খালের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
জিয়া সড়কের বাসিন্দা মো. ওয়াদুদ মৃধা বলেন, নথুল্লাবাদ মসজিদের সামনে খালের মধ্যে ঘাটলা ছিল। চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঘাটলাটা এখনো দেখা যায়।
ইন্দ্রজিৎ হালদার বলেন, খালের নথুল্লাবাদ থেকে এক-দেড় কিলোমিটারেই দখল বেশি হয়েছে। স্থাপনা উচ্ছেদ করে খালটি খনন করা হলে আবারও প্রাণ ফিরে পাবে।
বরিশাল খাল-নদী ও জলাশয় রক্ষা আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বলেন, বরিশাল নগরের মধ্যে একসময় ১৮টি খাল ছিল। ভরাট ও দখলে এখন কেবল সাতটি খালের অস্তিত্ব পাওয়া যায়। সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না নেওয়ায় সেগুলোও ধ্বংসের পথে। এ ব্যাপারে সিটি করপোরেশনে একাধিক আবেদনও করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব বলেন, শুধু জিয়া সড়ক খাল নয়, নগরের সব কটি খাল সংস্কার করে খালের পাড়ে ফুটপাত নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্প শিগগিরই অনুমোদন হবে। এরপরই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে।