পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জব্দ করা ফেনসিডিল আত্মসাতের অভিযোগ
ফুলবাড়ী থানার এএসআই শামিম মণ্ডলের বিরুদ্ধে জব্দ করা ফেনসিডিল আত্মসাতের অভিযোগ উঠেছে। পুলিশের মাদকবিরোধী অভিযানে সহায়তাকারী দুই সোর্স লিখিতভাবে গত বৃহস্পতিবার এ অভিযোগ করেন।
এএসআই শামিমের বিরুদ্ধে উদ্ধার করা মাদক থানায় জমা না দিয়ে বিক্রি করে দেন বলে লিখিত অভিযোগ করেছেন বাবুল হোসেন। দিনাজপুর পুলিশ সুপার, পুলিশের ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং ফুলবাড়ী থানার ওসি কাছে এ লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে এএসআই শামিম পুলিশের একটি দল নিয়ে দুই সোর্সের সহযোগিতায় উত্তর লক্ষ্মীপুর বাজারের বাগধারার মোড় নামক স্থানে একটি বাঁশবাগান থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় পুলিশ কর্মকর্তা শামিম মোটা অঙ্কের বকশিশ দেওয়ার কথা বলে ৬০ বোতল ফেনসিডিল দুই সোর্সের কাছে রেখে বাকি ১৯০ বোতল ফেনসিডিল নিজে নিয়ে আসেন। পরদিন পৌর শহরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে সঙ্গে করে এনে তাঁদের কাছে রাখা ৬০ বোতল ফেনসিডিলও নিয়ে আসেন। এ সময় তাঁদের (দুই সোর্সকে) বকশিশ হিসেবে ৪০০০ টাকা দেন। পরে আরও পাঁচ হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু পরে আর টাকা না পেয়ে দুই সোর্স থানায় খোঁজ নিয়ে জানতে পারেন, পুলিশ কর্মকর্তা শামিম গত ২৩ সেপ্টেম্বর রাতে আটক হওয়া কোনো ফেনসিডিল থানায় জমা দেননি।
তবে এএসআই শামিম অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার মাদক ব্যবসায়ীরা পুলিশকে বিতর্কিত করতে এ ধরনের অভিযোগ করেছে। ওসি মোস্তাক আহমেদ বলেন, অভিযোগকারীরা চোলাই মদ ও মাদক ব্যবসায়ী। পুলিশের অভিযানে এসব মাদক বিক্রেতা ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। তাই পুলিশকে বেকায়দায় ফেলতে তারা এ ধরনের অভিযোগ করে থাকতে পারে।