পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারীকে যৌন হয়রানির অভিযোগ
রাজধানীতে পুলিশের এক পরিদর্শকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার মেয়ে। আজ বৃহস্পতিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। যদিও ওই পুলিশ কর্মকর্তা এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করেন, কয়েক বছর আগে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করার সূত্র ধরে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই কর্মকর্তা ভয় দেখিয়ে তাঁকে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে বাধ্য করেন। এখনো তিনি নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
বিস্তারিতভাবে ওই নারী বলেন, একদিন মোহাম্মদপুরে গাড়ি দুর্ঘটনায় পড়লে তাঁদের থানায় যেতে হয়। ওই ঘটনার পর তাঁরা গাড়িচালককে চাকরি থেকে বাদ দিলে তিনি তাঁদের হুমকি দিতে থাকেন। এ ব্যাপারে জিডি করতে থানায় গেলে তাঁর সঙ্গে দায়িত্বরত ওই পুলিশ কর্মকর্তার পরিচয় হয়। এরপর থেকে ওই কর্মকর্তা তাঁদের বাসায় আসা-যাওয়া করতে থাকেন। এক সময় জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখান।
ওই নারী আরও বলেন, মোহাম্মদপুর এলাকা ছেড়ে তাঁরা উত্তরায় চলে গেলেও ওই পুলিশ কর্মকর্তা তাঁর পিছু ছাড়েননি। এখনো তাঁর পেছনে লোক লাগিয়ে রেখেছেন, যাতে তিনি স্বাভাবিক জীবন যাপন করতে না পারেন। এ নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং আদালতে নালিশি মামলাও করেছেন। আদালত ঢাকা মহানগর পুলিশকে এ ঘটনা তদন্ত করার দায়িত্ব দেন। একটি মানবাধিকার সংস্থার কাছেও তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
যাঁর বিরুদ্ধে এই অভিযোগ সেই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিআইডিতে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে জানতে চাইলে ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে ওই নারীর পরিচয় ছিল। তবে এ ধরনের অভিযোগ সত্য নয়। তাকে ফাঁসাতেই ওই নারী এসব অভিযোগ করছেন বলে দাবি করেন তিনি।