পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ময়মনসিংহে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন ওই কর্মকর্তার স্ত্রী। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ওই এসআইয়ের স্ত্রী।

পুলিশ কর্মকর্তার স্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, তাঁর স্বামীর নাম ফিরোজ আহমেদ। তিনি বর্তমানে ময়মনসিংহ পুলিশের বিশেষ শাখায় উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।

স্ত্রীর অভিযোগ, সাত বছর আগে ফিরোজ আহমেদ তাঁকে বিয়ে করেন। উপপরিদর্শক পদে চাকরির শর্তানুযায়ী আবেদনকারীকে অবিবাহিত হতে হয়। শর্ত পূরণ করতে ফিরোজ ওই সময় নিজেকে অবিবাহিত উল্লেখ করে আবেদন করেন। চাকরি পাওয়ার পর ২০১২ সালের ৩০ ডিসেম্বর আবারও এফিডেভিট করে বিয়ে করেন। এ বিয়ের পর তাঁরা যখন সংসার শুরু করেন এরপর থেকেই ফিরোজ আহমেদ স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। গত বছরের নভেম্বর মাসে ফিরোজ একতরফাভাবে তালাক দেন। তবে তাঁর স্ত্রী তালাকের কাগজে স্বাক্ষর করেননি। এরপর ফিরোজ আহমেদ আরেকটি বিয়ে করেন বলে অভিযোগ করেন স্ত্রী। তিনি বলেন, সাত বছর বয়সী তাঁদের একটি মেয়ে আছে। ফিরোজ আনুমানিক ৮ মাস ধরে ভরণ-পোষণের খরচও দিচ্ছেন না।

এদিকে এসব অভিযোগ প্রসঙ্গে ফিরোজ আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘ফিরোজ আহমেদের স্ত্রী বেশ কিছু দিন আগে আমাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওই অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় দুদিন আগে ফিরোজ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফিরোজের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’