পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বাড়ি দখল চেষ্টার অভিযোগ
রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার এক কর্মকর্তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। নগরের টিকাপাড়া এলাকার বাসিন্দা সুমী রানী গতকাল শনিবার রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সুমী জানান, তিনি নগরের কাদিরগঞ্জ এলাকার একটি দোতলা বাড়িসহ নয় ছটাক জমি ক্রয়ের জন্য নগদ পাঁচ লাখ টাকা দিয়ে বায়নানামা দলিল করেন। জমির মোট দাম ১২ লাখ টাকা। এ জমির মালিক গণেশ চন্দ্র দাসের ছেলে জিতেন দাস, বিশ্বনাথ দাস ও মধু দাস। বায়নানামায় এই তিন ওয়ারিশের ছবি ও স্বাক্ষর রয়েছে। পরে জমির মালিকেরা জমিটি রেজিস্ট্রি করতে টালবাহানা করতে থাকেন। এরই মধ্যে মধুর বিরুদ্ধে বোয়ালিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হিমাংশু রায় একটি মামলার তদন্তে গিয়ে বাড়ি বিক্রয়ের ব্যাপারটি জানতে পারেন। তিনি মধুকে বেকায়দায় ফেলে তাঁর (সুমী) নামে বায়না করা জমি থেকে মধুর অংশ (ছয় ছটাক) কিনে নেন। তিনি এ বিষয়ে অন্য ওয়ারিশদের সঙ্গে আলোচনাও করেননি। বাকি দুই ওয়ারিশ পরে তাঁদের তিন ছটাক জমি তাঁকে (সুমী) রেজিস্ট্রি করে দিয়েছেন।
সুমী আরও অভিযোগ করেন, এরপর তিনি বাড়িতে ঢুকলে এএসআই হিমাংশু রায় ও মধুসহ কতিপয় সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে হুমকি দেন, তিনি যেন ওই বাড়িতে পা না দেন। তাঁদের দাবি, পুরো বাড়িটি হিমাংশুকে লিখে দিতে হবে। এ সময় তিনি তাঁর সম্পাদিত বায়নার টাকা ফেরত দিতে বললেই তাঁরা প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ করলেও পুলিশ তা আমলে নিচ্ছে না।
এ ব্যাপারে হিমাংশু রায়ের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নগরের বোয়ালিয়া জোনের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, ‘দুজনেই একটি জমি ক্রয় করেছেন। আজ (শনিবার) রাতে থানায় বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।’