পুলিশ কর্মকর্তার মারধরে স্ত্রী হাসপাতালে, থানায় অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় পুলিশ কর্মকর্তা স্বামীর টানা দুই দিনের নির্মম মারধরে স্ত্রী ফাতেমা আক্তার (২২) মারাত্মক আহত হয়েছেন। গত শনিবার দুপুরে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ফাতেমা বাদী হয়ে শনিবার রাতেই তাঁর স্বামীকে আসামি করে লোহাগড়া থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার বিকেল ৪টা পর্যন্ত মামলা নথিভুক্ত হয়নি। ফাতেমা গতকাল রোববার বিকেলে বলেন, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল হাসনাত বলেন, ফাতেমার কোমরের নিচ থেকে পিটিয়ে পিষে ফেলা হয়েছে। বাঁ হাতের কনুই হয়তো ভেঙে গেছে। তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার।

ওই পুলিশ কর্মকর্তার নাম সৈয়দ আল মামুন। তিনি লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের মৃত সৈয়দ সিরাজুল ইসলামের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন বলে তিনি প্রথম আলোর কাছে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন।

ফাতেমা অভিযোগ করেন, কুন্দশীর বাড়িতে গত বৃহস্পতিবার রাত ২টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত তাঁকে বেঁধে রেখে লাঠি ও রড দিয়ে একটানা নির্মমভাবে পিটিয়েছেন তাঁর স্বামী।

ফাতেমা লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের আবদুল মান্নান শরীফের মেয়ে। সাড়ে চার বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের আড়াই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। ফাতেমাকে হাসপাতালে ভর্তি করার পর শিশুটি তার মামাবাড়িতে আছে।

গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, মহিলা ওয়ার্ডে ফাতেমা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন। ফাতেমা বলেন, ‘চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে মামুনের সন্দেহ হয়েছে যে এক নিকটাত্মীয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। সেই থেকে ফোনে অকথ্য ভাষায় গালাগাল করেন। গত বৃহস্পতিবার রাত ২টায় খুলনা থেকে এসে বাসায় ঢুকেই রশি দিয়ে আমাকে বেঁধে ফেলেন। এরপর টানা দুই দিন পিটিয়েছেন। বাসায় আর কেউ ছিল না। শনিবার গোপনে পাশের বাসার লোকজনের মাধ্যমে বাবার বাড়ির লোকজনকে জানাই।’

ফাতেমা বলেন, মামুন মাদকাসক্ত। নেশা করে অসুস্থ হয়ে কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি প্রায়ই বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। বাবা গরিব মানুষ। সুদের কারবারিদের কাছ থেকে কয়েকবার বাবা ধার করে তাঁকে টাকা দিয়েছেন। সম্প্রতি আরও টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলেছিলেন। দুই বছর আগে তাঁর স্বর্ণালংকার ৫ লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। ফাতেমার আশঙ্কা, এরপর তাঁকে কবজা করতে পারলে মেরে ফেলবেন।

ফাতেমার বাবা মান্নান শরীফ বলেন, ‘ফাতেমা হাসপাতালে ভর্তি হওয়ার পর মামুন হাসপাতাল ও থানায় ঘোরাঘুরি করছেন। কয়েকবার সরাসরি ও ফোনে আমাদের হুমকি দিয়েছেন। অশ্লীল ভাষায় গালাগাল করেছেন। হাসপাতালে এসে ফাতেমাকে জোর করে নেওয়ার চেষ্টা করছেন।’

থানা চত্বরে শনিবার রাত ৯টায় মামুনের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না বলে জানান।

লোহাগড়া থানার ওসি মো. জাহাঙ্গীর আলম গতকাল রোববার বিকেলে বলেন, এজাহার পেয়েছি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থানা ও হাসপাতালে এসে খোঁজ-খবর নিচ্ছেন।