পুলিশ কর্মকর্তার মেয়ের লাশ উদ্ধার স্বামী আটক
রাজধানীর মহাখালী এলাকার একটি বাসায় মাহাপারা রহমান ওরফে শৈলী (২৫) নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে ওই বাসা থেকে তাঁকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় মাহাপারার স্বামী অভি চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, মাহাপারা মডেলিং করতেন। তাঁর স্বামী অভি চৌধুরী নাট্যাভিনেতা।
মাহাপারার বাবা পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সুপার মতিউর রহমান বনানী থানার পুলিশকে বলেছেন, মাহাপারাকে তাঁর স্বামী নির্যাতন করতেন। পুলিশ বলেছে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাহাপারা আত্মহত্যা করেছেন।
বনানী থানার পুলিশ জানায়, মাহাপারা ও অভি দম্পতি দক্ষিণ মহাখালীর ১০৫/৩ বাজার গেটে সাবলেট থাকতেন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে অভি চৌধুরী মাহাপারাকে অচেতন অবস্থায় মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাড়ি বরিশালে। মাহাপারার আগের পক্ষের একটি সন্তান আছে। তবে সে মাহাপারার সঙ্গে থাকত না।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) শ্রীধাম চন্দ্র সরকারের করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মহাপারার গলায় অর্ধচন্দ্রাকৃতির জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর দুই হাতের কবজিতে পুরোনো কাটা দাগ রয়েছে।
বনানী থানার ওসি সালাউদ্দিন খান বলেন, মাহাপারার বাবা অভিযোগ করেছেন, স্বামী অভি তাঁকে নির্যাতন করতেন।