বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নূরে আলমের স্ত্রী সুরভী আক্তারের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত আটটার দিকে নগরের কাশীপুর মদিনা সড়কের ভূঁইয়া বাড়ির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
সুরভীর পরিবারের সদস্যদের দাবি, এটি হত্যা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় সুরভীর পরিবারের পক্ষ থেকে রাতেই মামলা করা হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সুরভীর পরিবার জানায়, নূরে আলমের আগের একটি বিয়ে রয়েছে। ওই সংসারে তাঁর তিনটি সন্তান। প্রথম স্ত্রী থাকতেও সুরভীকে প্রেম করে বিয়ে করেন নূরে আলম। সুরভীরও আগের বিয়ে ছিল। ওই সংসারের স্বামীকে তালাক দিয়ে তিন বছরের একটি ছেলেসহ নূরে আলমের সঙ্গে এক বছর আগে তাঁর বিয়ে হয়।
সুরভীর ভাই ও মামার দাবি, নূরে আলম-সুরভীর দাম্পত্য কলহ লেগেই থাকত। বিয়ের পর প্রায়ই সুরভীর ওপর নির্যাতন করতেন নূরে আলম। সুরভীকে নির্যাতন ও হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করেছেন নূরে আলম। তাঁর ভাষ্য, এর আগেও সুরভী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।