পুলিশ কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
১৩ বছর বয়সের মেয়েটির সারা শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন। বাড়ি গোপালগঞ্জ সদরের সাতপাড় ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামে। কাজ করতে গিয়েছিল ঢাকায় একই ইউনিয়নের বাসিন্দা এক পুলিশ কর্মকর্তার বাসায়। অভিযোগ, সেখানে নানা কারণে ওই শিশুর ওপর চালানো হতো নির্যাতন।
সাতপাড়ের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা দরিদ্র জিতেন বিশ্বাসের মেয়ে ইভা বিশ্বাসকে চার বছর আগে ঢাকায় বাসাবাড়িতে কাজ করাতে নিয়ে যান একই ইউনিয়নের গোলদারপাড় গ্রামের বাসিন্দা সুব্রত গোলদার। পারিবারিক অসচ্ছলতার কারণে ওই বয়সে ইভাকে কাজ করতে যেতে হয়। সুব্রত ঢাকার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গৃহস্থালি কাজকর্ম না করতে পারায় সুব্রতর স্ত্রী গৃহকর্ত্রী সুমী গোলদার তাকে মারধর করতেন। শরীরে গরম ছ্যাঁকাসহ নানাভাবে করা হতো নির্যাতন। একাধিকবার দেয়ালে মাথা ঠোকানো এবং শিলনোড়া দিয়ে আঘাত করার অভিযোগও রয়েছে। বেধড়ক মারপিটের কারণে হাত-পিঠ-মাথাসহ বিভিন্ন স্থান কেটে ও ফেটে যায়—এমন চিহ্ন ওই শিশুর শরীরে রয়েছে।
শিশুটির ভাবি পারুল বিশ্বাস বলেন, ‘ইভা গৃহস্থালি কাজ ঠিকমতো করতে পারত না। এ জন্য তাকে প্রতিনিয়ত মারপিট করা হতো। এ খবর পেয়ে আমরা ওকে ঢাকা থেকে নিয়ে আসি। ২০ দিন আগে শিশুর মা শান্তি বিশ্বাসসহ পরিবারের লোকজন গিয়ে শিশুটিকে গ্রামের বাড়ি ফিরিয়ে আনেন।’
মেয়েটির ওপর নির্যাতন চলেছে—এমনটি স্বীকার করে সুব্রতর বাবা কালিপদ গোলদার বলেন, ‘মেয়েটির চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। এরপর থেকে আমার ছেলের স্ত্রীর সঙ্গে আমি কথা বলা বন্ধ করে দিয়েছি।’
অভিযোগ প্রসঙ্গে শাহবাগ থানার উপপরিদর্শক সুব্রত গোলদার প্রথম আলোকে বলেন, ‘ইভা আমার বাসায় থাকতে তার ওপর নির্যাতনের কথা আমাকে বলেনি। বাড়ি যাওয়ার পর এসব কথা শোনা যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যানকে বলেছি শিশুটির চিকিৎসা করাতে। চিকিৎসার সব খরচ আমি দেব। এ ছাড়া শিশুটি বড় হয়ে বিয়ে হওয়া পর্যন্ত আমি তাকে সাহায্য করব বলে জানিয়েছি।’
‘বিষয়টি অমানবিক হয়েছে’ মন্তব্য করে সাতপাড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সুজিৎ মণ্ডল বলেন, ‘আমি শিশুটিকে দেখেছি। তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। সুব্রতর বাবা শিশুটিকে চিকিৎসা করাচ্ছেন। বিষয়টি এলাকার মুরব্বিদের নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। আগামী শুক্রবার এ নিয়ে এলাকায় সভা হবে।’