পুলিশ, কাউন্সিলর ও সন্ত্রাসী রফিক জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বনগ্রাম এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর, নারী-শিশুর ওপর হামলা ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট জেলার পুলিশ, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সন্ত্রাসী বাহিনীকে দায়ী করেছে সরকারের গঠিত তদন্ত কমিটি।
গত ১৯ এপ্রিলের এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ সন্ত্রাসী রফিকুল ইসলাম ও তাঁর বাহিনীকে দ্রুত আটক করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রতিনিধি হিসেবে কাউন্সিলর তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাঁকে সঠিকভাবে দায়িত্ব পালন করার পরামর্শ দেওয়া হয়েছে। এই তদন্ত প্রতিবেদন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওই হামলা হঠাৎ করে ঘটেনি। বনগ্রামে অবৈধ ও মাদক ব্যবসা গড়ে ওঠা, ন্যাশনাল পার্কের অনৈতিক কার্যক্রম ও নারী কেলেঙ্কারির ঘটনায় পুলিশ, সন্ত্রাসী ও গ্রামবাসীর সম্পর্কের অবনতি থেকে ঘটনার সূত্রপাত। সব সাক্ষীর বক্তব্য পর্যালোচনায় দেখা গেছে, মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ভেঙে ফেলা কালীমন্দিরটি স্থায়ীভাবে নির্মাণ করা এবং বনগ্রামে পুলিশি টহল বাড়ানোর সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসী ও পুলিশ মিলে ঘটনার দিন এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর, নারী-শিশুর ওপর হামলা ও লুটপাট করেছে। বনগ্রামের বাসিন্দা আমজাদ হোসেন তদন্ত কমিটিকে জানিয়েছেন, দুই মাস আগে সুরেন্দ্র চন্দ্রের বাড়িসহ কয়েকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তখন গ্রামবাসী সন্ত্রাসী রফিকের বাড়ি ঘেরাও করে জয়দেবপুর থানায় বিষয়টি অবহিত করে। এ সময় ডিবির হাবিলদার গোলাম মোস্তফা গ্রামবাসীকে ধমক দিয়ে বাড়িতে ঢোকেন। পরে পুলিশ এলে সন্ত্রাসী রফিক ও ডিবির কর্মকর্তা পালিয়ে যান। পুলিশ সন্ত্রাসী রফিকের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এরপর রফিকের নামে মামলা দেওয়া হয়।
গত ১৯ এপ্রিল সন্ত্রাসী রফিকের সঙ্গে দারোগা আর্শাদ, ডিবির মোস্তফা, দারোগা রুহুল আমিনসহ ১০০ জনের মতো লোক বনগ্রামের কালীমন্দিরের মূর্তি ভাঙচুর, দোকান ও ঘরের মালামাল লুটপাট করেন। পুরুষদের না পেয়ে নারী ও শিশুদের পিটিয়ে মারাত্মকভাবে জখম করেন।