বান্দরবানে সাংবাদিক জহির রায়হানের ওপর হামলাকারী দুর্বৃত্তদের পুলিশ গতকাল রোববার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে প্রকৃত হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত জহিরের অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো সংকট কাটেনি এবং তিনি কথা বলতে পারছেন না বলে তাঁর বড় ভাই নাসিরুল আলম জানিয়েছেন।
দুর্বৃত্তরা স্টেডিয়ামের যেখানে জহির রায়হানকে হামলা করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গিয়েছিল, সেখানকার লোকজন ভয়ে কেউ প্রথমে কথা বলতে চাননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ বলেন, হামলাকারীরা সবাই ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত। জেলা আওয়ামী লীগের যে কয়েকজন শীর্ষস্থানীয় নেতা মিয়ানমারের রোহিঙ্গা সংগঠনের সঙ্গে জড়িত বলে জহির সংবাদ প্রকাশ করেছেন, সেই নেতাদের ঘনিষ্ঠ সহযোগীরাও হামলার সময় ছিলেন বলে প্রত্যক্ষদর্শী কেউ কেউ বলেছেন।
রোহিঙ্গাদের সঙ্গে জেলা আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতার যোগাযোগ রয়েছে মর্মে সাংবাদিক জহির রায়হান ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ঝাড়ুমিছিল করার এক দিন পর গত শনিবার বিকেলে হামলা চালানো হয়েছে।
গতকাল বান্দরবান প্রেসক্লাব চত্বরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, সাধারণ সম্পাদক মিনারুল হক, ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক গিরিদর্পণ-এর সেলিম চৌধুরী, জনকণ্ঠ পত্রিকার এস বাসু দাশ প্রমুখ।
বক্তারা বলেন, রোহিঙ্গাদের সঙ্গে জড়িত নেতাদের মুখোশ খুলে যাওয়ায় হত্যার উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে জহিরের ওপর হামলা চালানো হয়েছে। এতে প্রমাণিত হয় রোহিঙ্গারা এ দেশের মানুষ ও রাষ্ট্রকে কতটা নিরাপত্তাহীন করে তুলছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। শনাক্ত করা কয়েকজন প্রকৃত হামলাকারীকে গ্রেপ্তার করা সম্ভব হবে।